R G Kar Medical College and Hospital main gate in Kolkata West Bengal

জনমত বাংলা নিউজ ডেস্ক : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় আরও এক অভিযুক্তের জামিন। শুক্রবার কলকাতা হাই কোর্ট শর্তসাপেক্ষে জামিন দিল প্রাক্তন ভেন্ডার সুমন হাজরাকে। অভয়া কাণ্ডের পর ২০২৪ সালে আর জি কর মেডিক্যাল কলেজে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসে। ঘটনার তদন্তে নামে ইডি ও সিবিআই। বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হন ভেন্ডার সুমন হাজরা ও বিপ্লব সিংহ। পরে গ্রেফতার করা হয় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও। সুমন ও বিপ্লব তাঁর ঘনিষ্ঠ বলে তদন্তে উঠে এসেছিল। পুজোর আগেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন সন্দীপ। এবার জামিন পেলেন সুমনও।

সন্দীপ ঘোষের সঙ্গে একই মামলায় গ্রেফতার হয়েছিলেন বিপ্লব সিংহ ও সুমন হাজরা। ২০২৪ সালে আর জি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতির তদন্তে নেমে তৎকালীন অধ্যক্ষের পাশাপাশি এই দু’জনকেও গ্রেফতার করে সিবিআই। হাওড়ার বাসিন্দা বিপ্লব ও সুমনের বিরুদ্ধে অভিযোগ, সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হওয়ার কারণে তাঁরা বেআইনিভাবে একাধিক সুযোগ-সুবিধা পেয়েছিলেন। সেই থেকে জেলেই ছিলেন দু’জন। পুজোর আগে বিচারপ্রক্রিয়া বিলম্বের কারণ দেখিয়ে সন্দীপ ঘোষকে জামিন দেয় সুপ্রিম কোর্ট।

শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, মামলায় সাক্ষীর সংখ্যা ১৪৭। অথচ এখনও পর্যন্ত মাত্র ৮ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। বিচারপ্রক্রিয়া শেষ হতে আরও দীর্ঘ সময় লাগতে পারে, এমনই পর্যবেক্ষণের ভিত্তিতে জামিনের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *