Two women cricketers standing on the field next to a golden trophy, the player on the left in a blue Mumbai Indians jersey raising her hand and looking up, and the player on the right in a dark blue and red RCB jersey with 'Kajaria' written on it also looking up.

জনমত বাংলা নিউজ ডেস্ক : ২০২৭ সালের মহিলা প্রিমিয়ার লিগের দিনক্ষণ চূড়ান্ত! মঙ্গলবার পঞ্চম সংস্করণের সম্পূর্ণ সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী বছরের ১৪ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতার মোট ২২টি ম্যাচ অনুষ্ঠিত হবে বরোদা ও মুম্বইয়ে। সূচি প্রকাশের পাশাপাশি প্রতিটি ম্যাচের ভেন্যুর নামও জানিয়ে দিয়েছে বিসিসিআই।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি এবং দু’বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম পর্বের ম্যাচগুলির জন্য বরোদার কোটাম্বিতে BCA স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে। ১৪ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সেখানে হবে ১১টি ম্যাচ। পাঁচটি দলই এই পর্বে মাঠে নামবে। এরপর টুর্নামেন্টের বাকি ১১টি ম্যাচ হবে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। ২৬ জানুয়ারি আরসিবি ও এম আইয়ের ম্যাচ দিয়ে শুরু হবে মুম্বই পর্ব। ৩ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে। এরপর ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলের মধ্যে এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। ৭ ফেব্রুয়ারি একই মাঠে হবে ফাইনালের ম্যাচ। লিগ পর্ব শেষে চতুর্থ স্থানে থাকা দল প্লে-অফে জায়গা পাবে না।

বরোদায় পাঁচটি দল মোট ১১টি ম্যাচ খেলবে বলে জানিয়েছে বিসিসিআই। ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই পর্বের খেলা। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। গত মরসুমে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম ও বরোদায় হয়েছিল মহিলা প্রিমিয়ার লিগ। কিন্তু ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সংস্কারের কাজ চলায় এবার ভেন্যু বদল করেছে বিসিসিআই। ফলে নতুন মরসুমে খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে নামবে বেঙ্গালুরু। অন্যদিকে, তৃতীয়বার WPL ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপাবে মুম্বই ইন্ডিয়ান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *