Night photo of a railway track cordoned off with yellow police tape, with a few police personnel and officials in helmets standing beside the track on the gravel.

জনমত বাংলা নিউজ ডেস্ক : রাজস্থানে রেললাইনে বিস্ফোরণকে ঘিরে বাড়ছে নাশকতার আশঙ্কা। শক্তিশালী বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইনের একাংশ। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে নাশকতার আশঙ্কা ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রাথমিক তথ্য অনুযায়ী, অনুপগড়-সুরতগড় ট্রেনটি যাওয়ার কিছুক্ষণ পরেই বিস্ফোরণ ঘটে। ফলে বড়সড় রেল দুর্ঘটনা বা নাশকতার ছক ভেস্তে গিয়েছে বলেই মনে করা হচ্ছে।

রেললাইনে বিস্ফোরণের ঘটনায় শুরু হয়েছে উচ্চপর্যায়ের তদন্ত। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন নিরাপত্তা সংস্থার আধিকারিক ও রেল কর্তারা। বিস্ফোরণের উৎস কী, এর পিছনে জঙ্গি যোগ বা কোনও পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রশাসনের দাবি, প্রাথমিক তদন্ত ও সমস্ত পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পরই প্রকাশ্যে আনা হবে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ।

রেললাইনে বিস্ফোরণ ও নাশকতার আশঙ্কা ঘিরে তদন্তে নেমেছে একাধিক কেন্দ্রীয় ও রাজ্যস্তরের সংস্থা। তবে এখনই বিস্ফোরণের তত্ত্বে সিলমোহর দিতে নারাজ পুলিশ। এসপি হরিশংকর জানিয়েছেন, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে রয়েছেন রেল আধিকারিকরাও। ফরেনসিক ঘটনাস্থলে পৌঁছলেই ঘটনার প্রকৃত কারণ বোঝা যাবে। তাঁর কথায়, ‘‘এটি বিস্ফোরণ ছিল, নাকি অন্য কিছু, তা এখনই বলা সম্ভব নয়। তদন্তের মাধ্যমে পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে।’’ ঘটনার জেরে অন্যান্য যাত্রীবাহী ট্রেনও বাতিল করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *