A modern high-speed bullet train with orange, black and cream colour running on an elevated track surrounded by green trees under a blue sky.

জনমত বাংলা নিউজ ডেস্ক : দেশের রেল মানচিত্রে এবার গতি বাড়ানোর পালা। মুম্বই থেকে আহমেদাবাদ—হাইস্পিড করিডরে ছুটবে ভারতের প্রথম বুলেট ট্রেন। আর এই অত্যাধুনিক ট্রেন তৈরির কাজ করছে বেঙ্গালুরুর ভারত আর্থ মুভার্স লিমিটেড। সবচেয়ে বড় বিষয়, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতেই তৈরি হচ্ছে এই ট্রেন। কী থাকছে এই বুলেট ট্রেনের অন্দরমহলে? যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা রাখা হচ্ছে? সর্বোচ্চ কত গতিতে ছুটবে এই ট্রেন, জেনে নিন।

সূত্রের খবর, ঘণ্টায় সর্বোচ্চ ২৮০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে এই ট্রেন। যদিও এর সাধারণ গতিবেগ রাখা হচ্ছে ঘণ্টায় ২৪৯ কিলোমিটার। ২০২ মিটার দীর্ঘ ট্রেনে থাকছে ৮টি কামরা, যেখানে মোট ৫৫৭ জন যাত্রীর বসার ব্যবস্থা থাকবে। বিশেষভাবে সক্ষমদের জন্যও বরাদ্দ থাকছে দুটি আসন। ৭টি স্ট্যান্ডার্ড ক্লাস এবং একটি এক্সিকিউটিভ ক্লাসের কামরা নিয়ে তৈরি হচ্ছে ট্রেনটি। ভবিষ্যতে যাত্রীদের চাহিদা অনুযায়ী কামরার সংখ্যা আরও ৮টি বাড়ানো হতে পারে। ট্রেনের দুই প্রান্তেই থাকছে চালকের কেবিন।

যাত্রীদের আরামের কথা মাথায় রেখে সাজানো হচ্ছে ট্রেনের ভিতর। প্রশস্ত বসার জায়গা, অত্যাধুনিক অন্দরসজ্জা, এলইডি আলো এবং লাগেজ রাখার বিশেষ ব্যবস্থা—সবকিছুতেই থাকছে আধুনিকতার ছোঁয়া। অর্থাৎ, দ্রুত যাত্রার পাশাপাশি যাত্রীদের আরামদায়ক সফর নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।

আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আরও স্মার্ট হচ্ছে বুলেট ট্রেন। প্রতিটি কামরায় থাকছে স্বয়ংক্রিয় ঘোষণার ব্যবস্থা এবং অত্যাধুনিক এলইডি স্ক্রিন। ইংরেজি, হিন্দি-সহ একাধিক আঞ্চলিক ভাষায় যাত্রীদের কাছে পৌঁছে যাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। শুধু যাত্রী স্বাচ্ছন্দ্য নয়, নিরাপত্তার ক্ষেত্রেও থাকছে বিশেষ ব্যবস্থা। জরুরি পরিস্থিতিতে কামরার ভিতর থেকে যেমন কন্ট্রোল রুমে বার্তা পাঠানো যাবে, তেমনই ভেস্টিবিউল থেকেও সরাসরি যোগাযোগের সুবিধা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *