জনমত বাংলা নিউজ ডেস্ক : যাদবপুরে সিপিএমের বুকস্টল ভাঙচুরের ঘটনায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল সিপিএম! বুকস্টল ভাঙাকে কেন্দ্র করে দায়ের করা মামলা খারিজ করে দিল আদালত। বিচারপতি পার্থপ্রতিম রায়ের এজলাসে এই মামলার শুনানি হয়। বুকস্টলকে কেন্দ্র করে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল সিপিএম। তবে সেই মামলা খারিজ করে দিল হাইকোর্ট।
যাদবপুরে বুকস্টল ভাঙচুরের ঘটনায় কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিল সিপিএমের যাদবপুর এরিয়া কমিটি। অভিযোগ, বুকস্টল ভাঙচুরের ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে দলকে। সেই ক্ষয়ক্ষতির জন্য আদালতের কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল। শুধু তাই নয়, ঘটনার গুরুত্বের কথা উল্লেখ করে দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছিল।
এদিকে, আদালতে মামলা খারিজ হওয়ায় বুকস্টল ভাঙচুরের ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ সামনে আসার পর থেকেই সরব হয়েছিল সিপিএম। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিল বাম শিবির। পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে আইনি পদক্ষেপ করেছিল তারা। তবে শেষ পর্যন্ত সেই মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের এই সিদ্ধান্তের পর আগামী দিনে এই ইস্যুতে সিপিএম কী অবস্থান নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

