জনমত বাংলা নিউজ ডেস্ক : এভারেস্টের পথে ভয়াবহ দুর্ঘটনা নেপালে! অবতরণের সময় মাঝআকাশেই একে অপরের সঙ্গে ধাক্কা লাগে দুটি হেলিকপ্টারের। সংঘর্ষের জেরে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে কপ্টার। ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে। ইতিমধ্যেই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। কীভাবে এই সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
মঙ্গলবার ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে নেপালের সোলুখুম্বু এলাকায়। জানা গিয়েছে, কাঠমাণ্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে বরফে ঢাকা এই এলাকায় একাধিক হেলিকপ্টার উড়ছিল। অবতরণের সময় পাশাপাশি থাকা দুটি কপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, ল্যান্ড করার সময় একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে অন্যটির সঙ্গে ধাক্কা খায়। তীব্র সংঘর্ষে একটি কপ্টারের ডানা ভেঙে যায়। তারপরই ভেঙে পড়ে দুটি হেলিকপ্টার। স্থানীয় পুলিশের ইনচার্জ নবীন রাজা বুধাথোকি জানিয়েছেন, দুর্ঘটনায় এক বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, দিনতিনেক আগেই উত্তরাখণ্ডের জোশীমঠে ঘটে গিয়েছিল ভয়াবহ কপ্টার দুর্ঘটনা। বদ্রীনাথ থেকে দেহরাদুনে ফেরার সময় আচমকাই নিখোঁজ হয়ে যায় একটি যাত্রীবাহী হেলিকপ্টার। পরে জানা যায়, চামোলির কাছে ভেঙে পড়েছে সেটি। মর্মান্তিক ওই ঘটনায় পাঁচ যাত্রী-সহ পাইলটেরও মৃত্যু হয়। সব মিলিয়ে প্রাণ হারান ছ’জন।
