A split-screen image showing two people. On the left, a woman wearing a white sari with a tricolour border speaks passionately at a podium with microphones, raising her index finger. On the right, a young man with short black hair stands facing the camera, wearing a black blazer over a white V-neck T-shirt against a plain indoor background.

জনমত বাংলা নিউজ ডেস্ক : জাতীয় পতাকা হাতে আন্দোলনের ছবি, আর তা নিয়েই বিতর্ক! দিল্লির বিকানের হাউজে প্রদর্শনী থেকে সরানো হল প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে রায়হানের তোলা ৭০টি ছবি। পেশায় ফটোগ্রাফার রায়হানের অভিযোগ, আন্দোলনের ছবি সরিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু নিজের অবস্থানে অনড় থেকে ছবি সরাতে অস্বীকার করেন তিনি। এই ঘটনায় ছেলের পাশে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। ছবি সরানোকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক।

দিল্লির বিকানের হাউসে বুধবার আয়োজিত হয়েছিল রায়হানের চিত্রপ্রদর্শনী ‘নো আইডিয়া ইজ ফাইনাল’। যার বাংলা অর্থ, ‘কোনও ধারণাই চূড়ান্ত নয়’। এই প্রদর্শনীতে গত ছ’মাস ধরে দিল্লিতে হওয়া ছাত্র-যুব বিক্ষোভের বেশ কিছু ছবিও রাখার কথা ছিল। অভিযোগ, সেই ছবিগুলি নিয়েই আপত্তি জানান বিকানের হাউস কর্তৃপক্ষ। সংবাদমাধ্যমকে রায়হানের বাবা রবার্ট ভঢরা জানান, তাঁর ছেলেকে ডেকে নির্দিষ্ট কয়েকটি ছবি সরিয়ে ফেলতে বলা হয়। এমনকি ছবি না সরালে প্রদর্শনীর জন্য বিকানের হাউস ব্যবহার করতে দেওয়া হবে না বলেও জানানো হয়। রবার্টের দাবি, ছেলের প্রদর্শনীতে এমন কিছুই ছিল না, যা কাউকে প্রভাবিত করতে পারে। এই ঘটনার পিছনে কী কারণ রয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

প্রিয়াঙ্কা গান্ধীর ছেলের অভিযোগ, প্রদর্শনী শুরুর মাত্র তিন ঘণ্টা আগে বিকেল সাড়ে ৩টে নাগাদ তাঁকে লিখিত আপত্তির কথা জানানো হয়। এরপর মাত্র ৩০ মিনিটের মধ্যে ৭৪টি ছবি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। তাতে তীব্র আপত্তি জানান রায়হান। যদিও পরে ছবিগুলি খুলিয়ে দেওয়া হয় বলে দাবি তাঁর। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ছেলের পাশে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর অভিযোগ, এভাবে গোটা দেশের যুব সম্প্রদায়ের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *