জনমত বাংলা নিউজ ডেস্ক : পুজোর পরেই কলকাতা, হাওড়া-সহ রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচনের সম্ভাবনা রয়েছে। আর তার আগেই সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। আগামীকাল, শুক্রবার ২ অক্টোবর থেকে কলকাতার ১৬টি বরো-সহ রাজ্যের সমস্ত ব্লকে শুরু হচ্ছে তিনদিনের বিশেষ জনকল্যাণ শিবির—‘সেবা সেতু অভিযান’।

জানা গিয়েছে, এই শিবিরে অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জয় জোহার, শিক্ষাশ্রী, পিএম কিষান ক্রেডিট কার্ড, পিএম কিষান স্বনিধি-সহ মোট ২০টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ, যারা এখনও কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাননি তাঁরা ‘সেবা সেতু’ শিবিরে গিয়ে নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। একাধিক সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা একই জায়গা থেকে পাওয়ার ব্যবস্থা থাকায় সাধারণ মানুষের কাছে এই শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিশেষ শিবিরে মিলবে পরিষেবা। পাওয়া যাবে বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম। সাধারণ মানুষকে পরিষেবা দিতে হাজির থাকবেন সরকারি আধিকারিকরা। এছাড়াও একাধিক ব্যাঙ্কও কাউন্টার খুলবে। কলকাতায় দুটি ওয়ার্ডের জন্য একটি করে সেবা সেতু সহায়তা শিবির করা হচ্ছে।

পুরভোটের আগে সরকারি প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সেবা সেতু অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচারের জন্য বিধায়কদের সাহায্য চাওয়া হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে তিনদিনই শিবিরে বাড়তি পুলিশ চেয়ে লালবাজারকে জানিয়েছে পুরসভা, নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে ভিড় বাড়ার আশঙ্কায় বিশেষ নজরদারি থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *