জনমত বাংলা নিউজ ডেস্ক : কেবিসি -র মঞ্চেই বিপত্তি। কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শ্যুটিং চলাকালীন পা পিছলে পড়ে হাঁটুতে চোট পেলেন অমিতাভ বচ্চন। বুধবারের এপিসোডে অন্য দিনের তুলনায় তাঁকে একটু আলাদাভাবে দেখা যায়। রোজ মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে দর্শকদের স্বাগত জানান তিনি, এদিন বসেই সারতে হয় সেই পর্ব।
এরপর বিগ বি নিজেই জানান চোটের কথা। আগের দিন শ্যুটিংয়ে পা পিছলে পড়ে হাঁটুতে আঘাত পান। তার পর থেকে দাঁড়াতে অসুবিধা হচ্ছে তাঁর। তাই এদিন কেবিসি-র মঞ্চে বসেই উদ্বোধনী বক্তব্য সারেন। দর্শকদের জানান, হাঁটুর চোটের জন্যই দাঁড়াতে পারছেন না ঠিকভাবে।
অনুরাগীদের আশ্বস্ত করে অমিতাভ বলেন, চোট গুরুতর নয়, তিনি শীঘ্রই ঠিক হয়ে যাবেন। ৮৩ বছর বয়সেও নিয়মিত কেবিসি-র শ্যুটিং করছেন তিনি, এবার ১৮তম সিজন সঞ্চালনা করছেন। এর আগে একটি ব্লগ পোস্টে ‘wishes to retire’ লেখায় তাঁর অবসর নিয়ে জল্পনা ছড়িয়েছিল। পরে অমিতাভ স্পষ্ট করেন, সেটি ঘুমোতে যাওয়ার প্রসঙ্গে লেখা, অবসরের সঙ্গে সম্পর্ক নেই। হাঁটুর চোট নিয়েও শ্যুটিং চালিয়ে যাচ্ছেন, দ্রুত স্বাভাবিকভাবে ফেরার আশা করছেন তিনি।
