জনমত বাংলা নিউজ ডেস্ক : ধর্মতলার বাস টার্মিনাস যাবে হাওড়ায়! দীর্ঘদিনের জট কাটিয়ে ধর্মতলা থেকে হাওড়ায় স্থানান্তরিত হতে চলেছে বাস টার্মিনাস। ২০০৭ সালে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিলেও ১৯ বছরেও তা বাস্তবায়িত হয়নি। অবশেষে ফের হস্তক্ষেপ করল আদালত এবং টার্মিনাল সরানোর প্রক্রিয়া তদারকির জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

বাস টার্মিনাস স্থানান্তর প্রসঙ্গে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মুখ্যসচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করতে হবে। ওই কমিটিতে থাকবেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, পরিবেশ ও পরিবহন দপ্তরের আধিকারিক এবং মামলাকারী। এই কমিটিই বাস টার্মিনাস সরানোর পদ্ধতি ঠিক করবে। পাশাপাশি বাবুঘাট বাসস্ট্যান্ড নিয়েও ভাবনাচিন্তা করতে বলা হয়েছে। নির্দিষ্ট সময় অন্তর হাইকোর্টে রিপোর্ট জমা দেবে এই বিশেষ কমিটি।

উল্লেখ্য, ২০০২ সালে ময়দান ও ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় যানবাহনের দূষণ রোধে একটি জনস্বার্থ মামলা করেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। সেই মামলাতেই ২০০৭ সালে ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু আদালতের নির্দেশ সত্ত্বেও টার্মিনাস সরানো হয়নি। পরবর্তীতে ২০২৩ সালে নবান্নে এ নিয়ে বৈঠক হয়। সেখানেই এসপ্ল্যানেড থেকে বাসস্ট্যান্ড সরিয়ে বিকল্প জায়গায় একটি মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *