Black and white silhouettes of people raising their hands at a public gathering or protest.

জনমত বাংলা নিউজ ডেস্ক : টেলিগ্রামে ‘পূর্ব আকাশ’ নামে চ্যানেল খুলে বাংলাদেশ, অসম, বাংলা ও কেরল জুড়ে জাল বিস্তার করছিল জঙ্গিরা। বাংলাদেশের কুখ্যাত জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন ও ইমাম মাহমুদের কাফেলা যৌথভাবে চালাচ্ছিল মগজধোলাইয়ের কাজ। এই ঘটনায় বাংলার ৬ জায়গায় হানা দিয়ে ৪ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এনআইএ।

সূত্রের খবর, বজবজ থেকে শেখ জুম্মান হোসেন ও সাহারুল হক পুরকাইত, মঙ্গলকোট থেকে পিয়ার মহম্মদ শেখ এবং ক্যানিং থেকে আবদুর রফিককে গ্রেফতার করেছে এনআইএ। দেশদ্রোহিতা ও সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। এছাড়াও হাওড়ায় একজনকে আটক করে জেরা করছে গোয়েন্দারা। অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরের বংশীহারীর যুবক মুজিবর রহমান এখনও পলাতক। এই ঘটনায় বাংলার পাশাপাশি কেরালা ও অসমের ১০টি জায়গাতেও তল্লাশি চলেছে।

এনআইএ -এর তরফে জানানো হয়েছে, ধৃতরা কেউ দর্জি, কেউ আবার ইমামের ছদ্মবেশের আড়ালে জামাত-উল-মুজাহিদিন ও ইমাম মাহমুদের কাফেলার সদস্য হয়ে কাজ করত। টেলিগ্রামে ‘পূর্ব আকাশ’ নাম একটি চ্যানেল খুলে তার মাধ্যমে বাংলাদেশের হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখত এবং এনক্রিপটেড চ্যাটে নাশকতার পরিকল্পনা হতো। ওই চ্যানেল থেকেই যুবকদের নিয়োগ ও তহবিল সংগ্রহ করত তারা। ৪ জনের কাছ থেকে মোবাইল, সিম ও জেহাদি নথি মিলেছে। ধৃতদের খুব তাড়াতাড়ি কলকাতা থেকে গুয়াহাটি নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *