জনমত বাংলা নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপের জের! বৃহস্পতিবার বৃষ্টির দাপট বাংলায়। এই মুহূর্তে নিম্নচাপটি উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশার উপর অবস্থান করছে। যার ফলে আগামী ১২ ঘণ্টা অতিগভীর নিম্নচাপ বজায় থাকবে। যদিও ২৪ ঘণ্টা পরে সেটি শক্তি হারিয়ে দুর্বল হবে, এমনটাই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। এর পাশাপাশি রাজ্যের ৬ জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাজ্যের ৬ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জারি হয়েছে কমলা সতর্কতা। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের পাশাপাশি কলকাতা, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও হাওড়া জেলাতেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবারও বৃষ্টি চলবে – বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। শুক্র ও শনিবারও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। রবিবার থেকে বৃষ্টির দাপট কমবে বলে জানানো হয়েছে।
