জনমত বাংলা নিউজ ডেস্ক : ভোটার তালিকা নিয়ে বড় সিদ্ধান্ত! এবার এসআইআর ইস্যুতে বিশেষ অভিযানে নামছে নির্বাচন কমিশন। শুক্রবার অর্থাৎ আজ থেকেই শুরু হবে সেই অভিযান। জানা গিয়েছে, যে ২০ টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে , সেখানেই বাদ পড়া ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা। ইতিমধ্যেই ওই ২০টি রাজ্যের সিইও-কে এবিষয়ে চিঠি দিয়ে নির্দেশ পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

কমিশনের ওই নির্দেশিকায় বলা হয়েছে, শুধু বাদ পড়া ভোটার নয়, নতুন ভোটারদের নামও অন্তর্ভুক্ত করতে হবে। বিএলও-দের বর্তমান তালিকা তৈরি করতে হবে। পুরনো ভোটার তালিকা দেখে চিহ্নিত করতে হবে, আগে যাঁদের নাম ছিল, এখন নেই। নির্দেশ অনুযায়ী, শুক্রবার থেকে বাদ পড়া ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবেন বিএলও-রা। যোগ্য প্রমাণিত হলে ফর্ম-৬ পূরণের মাধ্যমে নাম যুক্ত করা হবে। কমিশন জানিয়েছে, প্রত্যেক বিএলও-কে সপ্তাহে অন্তত ২০-২৫ জন ভোটারের বাড়ি যেতে হবে। এক মাসের মধ্যে এই গোটা প্রক্রিয়া শেষ করার টার্গেট দেওয়া হয়েছে।

এসআইআর চলাকালীন বিএলও-রা অনেককে অনুপস্থিত, স্থানান্তরিত বা মৃত বলে চিহ্নিত করেছিলেন। এরপর খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। এই বিশেষ অভিযানে বিএলও-রা পুরনো ও নতুন তালিকা মিলিয়ে বাদ পড়া ভোটারদের চিহ্নিত করবেন, এরপর বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন এবং যোগ্য হলে ফর্ম-৬ এ নাম তুলবেন। সেই তালিকা ফিল্ড ভেরিফিকেশন রিপোর্ট-সহ ERO-কে দেওয়া হবে এবং স্বীকৃত রাজনৈতিক দলগুলোর হাতেও তুলে দেওয়া হবে ওই তালিকা। বুথ-ভিত্তিক তালিকা শেয়ার করা হবে যাতে বাদ পড়ারা আর একবার সুযোগ পান। এছাড়াও গৃহহীন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নাম তোলার জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *