জনমত বাংলা নিউজ ডেস্ক : ৫০ বছর পর, ফের কলকাতায় ব্রাজিল! ১৯৭৭-এ পেলে খেলেছিলেন শহরে, তার প্রায় ৫০ বছর পর আবারও ব্রাজিল দল পা রাখল কলকাতায়। গতকাল রাতেই শহরে এসেছেন ভিনিসিয়াস-এন্ড্রিকরা, উঠেছেন পাঁচতারা হোটেলে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি ও মার্কুইনহোস, ভারতের কোচ খালিদ জামিল। সম্মেলনের শুরুতেই খালিদকে জড়িয়ে ধরলেন ডন কার্লো, করলেন নমস্কারও।

এদিন সাংবাদিক সম্মেলনে আন্সেলোত্তি বলেন,“এই দেশে ফুটবল খুবই গুরুত্বপূর্ণ। এখানে ফুটবলের পাশাপাশি ক্রিকেটও জনপ্রিয়। এখানকার মানুষ এই খেলাগুলোই খেলতে অভ্যস্ত। তাই এখানে এসে নিজেদের দক্ষতা দেখাতে পেরে আমরা আপ্লুত। যাঁরা এই ম্যাচ দেখার সুযোগ পাবেন, তাঁদের জন্য এটা দারুণ একটা রাত হতে চলেছে।”

পাশাপাশি ভারতীয় দলের প্রশংসা করে ডন কার্লো বলেন,“পানামার বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচটা আমরা দেখেছি। ভারত ভাল দল, ওদের আক্রমণভাগ বেশ গতিশীল। ওদের ভাল একজন স্ট্রাইকার আছে, উইলিয়ামস— যে আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। আমরা ভারতকে নিয়ে অনেক বিশ্লেষণ করেছি। ওদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে। ওদের প্লেয়িং স্টাইল খতিয়ে দেখছি, যাতে সেই অনুযায়ী ম্যাচের জন্য ভালভাবে প্রস্তুতি নিতে পারি।” আগামীকালের ভারত বনাম ব্রাজিলের ম্যাচ নিয়ে তিনি বলেন, “ব্রাজিলের কাছে কোনও ম্যাচই শুধু প্রীতি ম্যাচ নয়। প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। আমাদের দলে অনেক নতুন মুখ, নিজেদের প্রমাণ করার জন্য এই ম্যাচটা ভীষণ জরুরি। আর প্রতিপক্ষ ভারতকেও আমাদের পূর্ণ সম্মান দিতে হবে।”

ভারতের আতিথেয়তায় নিয়েও আপ্লুত ডন কার্লো। তিনি জানান, “ব্রাজিল দলকে যেভাবে স্বাগত জানানো হয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি কাল দারুণ একটা ম্যাচ উপহার দেব।”

সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় দলের ফুটবলার আনোয়ার আলিও। তাঁর কথায়, “বড় ম্যাচ, সারা বিশ্ব দেখবে। ভারতীয় ফুটবলের জন্য ভাল বিজ্ঞাপন। ব্রাজিল ও পানামার জন্য আলাদা প্ল্যানিং আছে, কোচের নির্দেশ মেনে চলছি।” ভারতীয় কোচ খালিদ জামিল বলেন, “চাপ আছে, সামলাতে হবে। ব্রাজিল বিশ্বের সেরা, হালকাভাবে নিচ্ছি না। আমরাও তৈরি, সেরাটা দেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *