জনমত বাংলা নিউজ ডেস্ক : অবসর নিলেন যুজবেন্দ্র চাহাল! লর্ডসেই ইতি টানলেন প্রথম শ্রেণির কেরিয়ারে। ৩৬ বছর বয়সে লাল বলকে বিদায় জানালেন ভারতীয় লেগস্পিনার। ভাঙল টেস্ট খেলার স্বপ্ন। তবে সাদা বলে এখনও লড়াই জারি, ওয়ানডে-টি২০ তে টিম ইন্ডিয়ায় ফিরতে মরিয়া চাহাল।

আবেগঘন বিদায়ী বার্তায় চাহাল লিখেছেন, ‘লাল বল আমার কাছে শুধু একটা ফরম্যাট নয়, এটা একটা শিক্ষা। ধৈর্য কী, চরিত্র কী, লড়াই কাকে বলে — সব শিখেছি এখানেই। ঘণ্টার পর ঘণ্টা মাঠে পড়ে থেকে এক-একটা রান, এক-একটা উইকেটের জন্য যে লড়াই, তার আনন্দই আলাদা।’ ২০০৯-এ হরিয়ানার জার্সিতে লাল বলে পথচলা শুরু হয় চাহালের। ৪৯টি ম্যাচে ১৪৮টি উইকেট নেন, গড় ৩২.২৭। ২০২৬-এর কাউন্টি চ্যাম্পিয়নশিপে নর্দাম্পটনশায়ারের হয়ে দ্বিতীয় ডিভিশনে ১৬.১৪ গড়ে নিয়েছেন ২১টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর শেষ ম্যাচটিও ছিল লর্ডসে। সেই ম্যাচের প্রসঙ্গে চাহাল বলেন, ‘লর্ডসে আমার শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেললাম। এই কথাগুলো বলা আবেগের। টেস্ট ক্যাপ পরা সব সময়ই আমার স্বপ্ন ছিল। বহু বছর ধরে সেই স্বপ্ন বয়ে বেড়িয়েছি। তা পূরণ হয়নি। কিন্তু যে পথ পেরিয়ে এসেছি, তাতে আমি সত্যিই তৃপ্ত। এই ফরম্যাটে যে সুযোগগুলো পেয়েছি, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।’

চাহাল আরও লেখেন, ‘আমি ফুরিয়ে যাইনি। দেশের জার্সির জন্য খিদেটা এখনও একই আছে। এখনও অনেক ক্রিকেট বাকি আছে আমার মধ্যে। ওয়ানডে, টি-টোয়েন্টিতে আর একটা সুযোগের জন্য সবটুকু উজাড় করে দেব।’

লাল বলে হরিয়ানার জার্সিতে অবশ্য অনেকদিন ধরেই অনিয়মিত চাহাল। শেষ বার দুইয়ের বেশি রঞ্জি ম্যাচ খেলেছিলেন ২০১৬-১৭ মরশুমে, ৭টি ম্যাচে ৩৩টি উইকেট নেন তিনি। তবে সাদা বলে এখনও আশাবাদী। ২০২৩-এর অগস্টের পর টিম ইন্ডিয়ার হয়ে আর নামেননি, তবু কামব্যাকের স্বপ্ন ছাড়ছেন না চাহাল। আইপিএলে এখনও পঞ্জাব কিংসের হয়ে নিয়মিত খেলছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *