জনমত বাংলা নিউজ ডেস্ক : সামনেই নিউজিল্যান্ড সফর। বছরের শেষে ২টি টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা প্রায় নেই বললেই চলে, তবুও টিকে থাকতে টেস্ট সিরিজ জিততেই হবে ভারতকে। তার আগে ভালো প্রস্তুতির জন্য নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত ‘এ’ দল, দলে রাখা হয়েছে একাধিক বড় নাম।
নিউজিল্যান্ডে তিনটি ৪ দিনের টেস্ট খেলবে ভারতের ‘এ’ দল। ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। প্রস্তুতির জন্য দলে একঝাঁক তারকা, রয়েছেন দুই বঙ্গ পেসারও। নেতৃত্বে দেবেন ধ্রুব জুরেল। দলে আছেন কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল,ঋষভ পন্থ, দেবদত্ত পাড়িক্কল, রবিচন্দ্রন স্মারণ, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, মুকেশ কুমার, খলিল আহমেদ ও তিলক বর্মা। অন্যদিকে চোট কাটিয়ে ফিরেছেন সাই সুদর্শন। জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবি-সহ ১২ জনেরই আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়েও ব্রাত্য থেকে গেলেন সরফরাজ খান।
প্রস্তুতি পর্বের সূচি চূড়ান্ত। ভারত ‘এ’ বনাম নিউজিল্যান্ড ‘এ’ টিমের প্রথম চার দিনের ম্যাচ ২৪ অক্টোবর থেকে লিঙ্কনে, দ্বিতীয় ম্যাচ ৩১ অক্টোবর থেকে ক্রাইস্টচার্চে, আর শেষ ম্যাচ ৭ নভেম্বর থেকে ফের লিঙ্কনে।
তবে সব ম্যাচে সব তারকাকে পাওয়া যাবে না। কারণ ৪ নভেম্বর থেকেই শুরু হচ্ছে মূল দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ, যা চলবে ১৫ তারিখ পর্যন্ত। তাই জয়সওয়াল, রাহুল, ওয়াশিংটন সুন্দররা যদি সিনিয়র ওয়ানডে দলে সুযোগ পান, তাহলে ‘এ’ দলের শেষের ম্যাচগুলো মিস করবেন। তারপরই ১৯ নভেম্বর ওয়েলিংটনে প্রথম টেস্ট এবং ২৭ নভেম্বর ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট রয়েছে।
