জনমত বাংলা নিউজ ডেস্ক : দুর্গাপুজোর আগে পুজো উদ্যোক্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ কো-অর্ডিনেশন মিটিং করল বিধাননগর পুলিশ কমিশনারেট। রাজারহাট, নিউটাউন, সল্টলেক, বাগুইআটি, লেকটাউন ও এয়ারপোর্ট এলাকা মিলিয়ে এবার কমিশনারেটের অধীনে প্রায় ১০০১টি পুজো হচ্ছে। পুজো নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উদ্যোক্তাদের একাধিক নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফে।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশ কমিশনার রাঠোর অমিতকুমার ভারত-সহ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন রাজারহাট-নিউটাউনের বিধায়ক পীযুষ কানোরিয়াও। বৈঠক থেকে পুলিশ কমিশনার স্পষ্ট বার্তা দেন, পুজোর সময় শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখতে হবে। বিশেষ করে বয়স্ক মানুষ ও শিশুদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চ শব্দে ডিজে বাজানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞার কথা জানিয়ে দেওয়া হয় উদ্যোক্তাদের।
শুধু ডিজে নয়, পুজো মণ্ডপ ও সংলগ্ন এলাকায় ড্রোন ওড়ানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি সার্চলাইট বা লেজার লাইটের ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানানো হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্নে পুজো উদযাপন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
এদিনের বৈঠকে পুজো উদ্যোক্তাদের কাছ থেকেও বিভিন্ন সমস্যার কথা শোনেন পুলিশ আধিকারিকরা। একে একে তাঁদের সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হয় এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন পুলিশ কমিশনার। পুলিশের এই কড়া নির্দেশের মধ্যেই শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি।
