জনমত বাংলা নিউজ ডেস্ক : ভোররাতে সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা। অভিযোগ, বাইপাস সংলগ্ন এলাকায় তাঁর বাড়ি লক্ষ্য করে বিয়ারের বোতল ছোড়ে দুষ্কৃতীরা। বোতলের আঘাতে বাড়ির বেশ কয়েকটি কাচের জানলা ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয় একটি সিসিটিভি ক্যামেরাও। প্রাক্তন সাংসদ জানিয়েছেন, ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন।
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বয়ান অনুযায়ী, মোটরসাইকেলে চেপে আসে কয়েকজন, প্রত্যেকের মুখ ছিল ঢাকা। বাড়ির সামনে দাঁড়িয়ে প্রথমে অকথ্য গালিগালাজ করে, তারপর শুরু হয় বোতল ছোড়া। যাওয়ার আগে হুমকি দিয়ে যায়, ‘আমাদের পিছনে লাগতে আসবি না।’এই হামলা কি রাজনৈতিক? নাকি আইনজীবী হিসেবে কোনও মামলাকে কেন্দ্র করে আক্রোশ? প্রশ্ন তুলেছেন বিকাশরঞ্জন নিজেই। ঘটনার পর পূর্ব যাদবপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। হুমকির পর নিরাপত্তা নিয়ে উদ্বেগে প্রাক্তন সাংসদ। জানিয়েছেন, কলকাতার পুলিশ কমিশনারের কাছে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্সের জন্য আবেদন করবেন। ভবিষ্যতে এমন হামলা হলে পাল্টা প্রতিরোধের কথাও বলেছেন।
কিন্তু কারা হামলা চালাল? বিকাশরঞ্জন ভট্টাচার্যই কেন টার্গেট দুষ্কৃতীদের? নেপথ্যে রাজনীতি নাকি অন্য কোনও কারণ, তা এখনও ধোঁয়াশায়। পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে, এবার তদন্তে কী উঠে আসে, সেদিকেই তাকিয়ে সকলে।
