জনমত বাংলা নিউজ ডেস্ক : যুদ্ধবিরতির সম্ভাবনা নেই, বরং রক্তক্ষয়ী হচ্ছে রাশিয়া-ইউক্রেন সংঘাত। একদিকে কৃষ্ণসাগরে রুশ উপকূলে ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে লাইবেরিয়ার তেলবাহী ট্যাঙ্কার, অন্যদিকে তার জবাবে ইউক্রেনে রাশিয়ার বড় হামলায় মৃত ২৮জন, আহত প্রায় ১০০ জন। মৃতদের মধ্যে ৫ জন শিশুও রয়েছে। ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর যুদ্ধ থামার যে আশা তৈরি হয়েছিল, তা কার্যত শেষ। বৈঠকে ট্রাম্প দাবি করেছিলেন দুই দেশই শান্তি চায়, কিন্তু তার পর থেকেই দুই দেশের হামলা-পাল্টা হামলা আরও তীব্র হয়েছে।
গতকাল ফের ইউক্রেন জুড়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া। ব্যালিস্টিক, ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ব্যবহার করা হয় শাহেদ ড্রোন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই হামলায় এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত ১০০ জন। একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলেনস্কির দাবি, রাশিয়ার ছোড়া ৪৪টি ক্ষেপণাস্ত্র ও ১১৭টি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনীয় সেনা। তবে সবকটি আটকানো সম্ভব হয়নি, তার জেরেই এই হতাহতের ঘটনা। হামলা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তীব্র কটাক্ষ করেছেন জেলেনস্কি। তাঁর কথায়, “নিজের জন্মদিনে নিজেকে এ ধরনের উপহারই দিলেন পুতিন।”
এর আগের দিনই রাশিয়ার জ্বালানি পরিকাঠামোয় বড় হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন জেলেনস্কি। তার পরই ইউক্রেনজুড়ে এই ব্যাপক হামলা। কিইভ ছাড়াও কেন্দ্রীয় ইউক্রেনের ক্রেমেনচুক, খেরসন এবং ওলেকসান্দ্রিয়াতেও হামলা চালিয়েছে রাশিয়া, সেখানেও প্রাণহানি হয়েছে। পরিস্থিতির জেরে কিইভ, খারখিভ-সহ বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে, শোনা গিয়েছে এয়ার-রেড সাইরেনের শব্দ। যদিও ইউক্রেনের তোলা অভিযোগ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি ক্রেমলিন।
