জনমত বাংলা নিউজ ডেস্ক : বৃহস্পতিবার গভীর রাতে ৮টি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ মার্কিন প্রশাসনের। অভিযোগ, বেআইনিভাবে এইচ-১বি ভিসা প্রক্রিয়া করেছে সংস্থাগুলি। প্রত্যেকটি সংস্থাই প্রতি বছর হাজার হাজার ভারতীয় কর্মীকে আমেরিকায় নিয়ে যায়। এবার সেই রাস্তাই বন্ধের নির্দেশ ট্রাম্প প্রশাসনের। জানা গিয়েছে, ওই সংস্থাগুলির মধ্যে রয়েছে উইপ্রো, মাইক্রোসফট ও ইনফোসিস।
মাস কয়েক আগে কগনিজ্যান্টের বিরুদ্ধে বেআইনি ভাবে এইচ-১বি ভিসা প্রক্রিয়া করার অভিযোগ ওঠে। প্রথমে দোষী তালিকায় না রাখা হলেও, দু’মাস ধরে তদন্তের পর তদন্তকারীদের দাবি, ভিসা অনিয়মের যথেষ্ট প্রমাণ রয়েছে সংস্থাটির বিরুদ্ধে। এরপরই সাসপেন্ড করা হয় তাদের পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম বা PERM-এর আবেদন।এবার সেই নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হল টাটা, মাইক্রোসফট, উইপ্রো, অ্যাডোব, ইনফোসিস, এইচসিএল ও ক্যাপজেমিনি। মার্কিন প্রশাসনের সাফ নির্দেশ, এই আটটি সংস্থার কোনওটিই আর PERM-এর জন্য আবেদন করতে পারবে না।
গ্রিন কার্ডের প্রথম সিঁড়িই হল PERM। আমেরিকার সংস্থাগুলি এই PERM-এর মাধ্যমেই বিদেশি কর্মীদের চাকরি দেয়। নিয়ম অনুযায়ী, সংস্থাকে প্রমাণ করতে হয় যে, এই কাজের জন্য কোনও যোগ্য মার্কিন নাগরিক নেই এবং বিদেশি কর্মী নিয়োগে মার্কিনদের ক্ষতি হবে না। কিন্তু ট্রাম্প প্রশাসনের অভিযোগ, সংস্থাগুলি মার্কিনদের কথা না ভেবেই বিদেশি কর্মীদের উড়িয়ে এনেছে আমেরিকায়, যাঁরা পরে দেশে না ফিরে সেখানেই থেকে গিয়েছেন। এতদিন PERM-এর পুরো ব্যবস্থা করত সংস্থাগুলিই। কিন্তু নিষেধাজ্ঞার পর যদি কেউ এই আটটি সংস্থায় চাকরি করতে চান, তাহলে ভিসার ব্যবস্থা তাঁকে নিজেকেই করতে হবে। সেই ভিসার মেয়াদ চাকরির জন্য উপযুক্ত হবে কিনা, তা নিয়েও সংশয় থাকছে। অর্থাৎ, আমেরিকার মাটিতে চাকরির স্বপ্ন এবার আরও কঠিন ভারতীয়দের জন্য।
