জনমত বাংলা নিউজ ডেস্ক : ২০২৬-এর ভোটের মোড় ঘুরিয়ে দিয়েছিল এসআইআর। ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ায় ফর্ম ৬ নিয়ে বিতর্ক তুঙ্গে, এবার ফর্ম ৭ নিয়ে বড় সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন।
উত্তরপ্রদেশে ভোটের দামামা বেজে গিয়েছে, আর সেখানেও শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া, যা ঘিরে বিতর্ক তুঙ্গে। এই আবহেই নড়েচড়ে বসল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, ফর্ম-৭ এর অপব্যবহার রুখতে আবেদনের সংখ্যা বেঁধে দেওয়া হল। ২০২৬ সালের ৯ অক্টোবরের মধ্যে জারি করা নির্দেশে বলা হয়েছে, কোনও ব্যক্তি ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে বা আপত্তি জানাতে ১০টির বেশি ফর্ম-৭ জমা দিতে পারবেন না।
জানা গিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি ১০টির বেশি ফর্ম-৭ জমা দিতে পারবেন না। তা সে অনলাইন হোক বা অফলাইন। ভোটার তালিকায় নাম তোলার বিরুদ্ধে আপত্তি বা নাম বাদ দেওয়ার আবেদনের ক্ষেত্রেই এই সীমা প্রযোজ্য। ফলে আবেদন করার সময় আরও সতর্ক থাকতে হবে। দেখা গিয়েছে, অনেকেই প্রচুর সংখ্যক আপত্তি জমা দিচ্ছেন, এমনকি সঠিক তথ্য ছাড়াই ফর্ম জমা দিচ্ছেন। সেই অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
