জনমত বাংলা নিউজ ডেস্ক : দুর্গাপুজোয় যাত্রীদের জন্য সুখবর! শিয়ালদহের পর এবার হাওড়া ডিভিশনেও বাড়তি যাত্রীচাপ সামাল দিতে বড়সড় প্রস্তুতি নিল ভারতীয় রেল। ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা ও রেলপথে দর্শনার্থীদের ভিড় সামলাতে একাধিক বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে খোলা হবে অতিরিক্ত টিকিট কাউন্টার। পুজোর দিনগুলিতে যাতে যাতায়াতে ভোগান্তি কম হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে ট্রেনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না যাত্রীদের। হাওড়া স্টেশনে সম্ভাব্য ৭ থেকে ৮ লক্ষ দৈনিক যাত্রীর ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে ভারতীয় রেল। হাওড়া ডিভিশনে চালানো হবে সাত জোড়া বিশেষ দূরপাল্লার ট্রেন ও সাত জোড়া বিশেষ EMU ট্রেন। পাশাপাশি বিভিন্ন স্টেশন দিয়ে চলাচল করবে আরও ২৫ জোড়া পুজো স্পেশাল ট্রেন। দুর্গাপুজোর দিনগুলিতে যাত্রীদের যাতায়াতের সুবিধা বাড়াতেই এই বিশেষ উদ্যোগ। এছাড়াও দুর্গাপুজোয় রাতেও মিলবে বিশেষ লোকাল ট্রেন। যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে আগামী ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত প্রতি রাতে সাতটি বিশেষ লোকাল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধমান-হাওড়া, হাওড়া-চন্দনপুর, ব্যান্ডেল-হাওড়া ও তারকেশ্বর-শেওড়াফুলি-সহ একাধিক রুটে চলবে এই ট্রেনগুলি। শুধু তাই নয়, ডানকুনি ও নৈহাটি হয়ে হাওড়া ও শিয়ালদহের মধ্যে রাতের যোগাযোগ বাড়াতেও বিশেষ পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে, শিয়ালদহ ও হাওড়া শাখার মধ্যে যোগাযোগ আরও সহজ করতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। রাত ১১টায় শিয়ালদহ থেকে ডানকুনির উদ্দেশে ছাড়বে একটি বিশেষ ট্রেন, যা রাত ১১টা ৫২ মিনিটে ফিরে আসবে। পাশাপাশি রাত ১২টা ৪৫ মিনিটে ব্যান্ডেল থেকে নৈহাটির উদ্দেশে ছাড়বে আরেকটি বিশেষ ট্রেন। সেটি রাত ১টা ১৫ মিনিটে ফিরে আসবে। উৎসবের মরশুমে রাতের যাত্রীদের সুবিধা দিতেই রেলের এই উদ্যোগ।
