Cyclists riding bicycles along a road beside a blue roadside barrier, with several people gathered nearby.

জনমত বাংলা নিউজ ডেস্ক : পুজোয় নিরাপত্তা আঁটসাঁট করতে বিশেষ ব্যবস্থা নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। রাতভর চলবে নজরদারি। মোতায়েন করা হচ্ছে ২০ জন পুলিশ আধিকারিক ও ৫০০ জন কনস্টেবল। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে থাকবে র‍্যাফ। মহিলাদের নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। তৃতীয়া থেকে জেলায় মোতায়েন থাকবে দুর্গাবাহিনী। বিভিন্ন এলাকায় থাকবেন মহিলা কনস্টেবলরা। প্যান্ডেল হপিংয়ের ভিড় সামলাতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে চলবে নাকা চেকিং।

এছাড়াও, বিপদে পড়লেই কিউআর কোডে স্ক্যান করলে মুহূর্তেই মিলবে সাহায্য। দর্শনার্থীদের সুবিধার্থে অভিনব উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। বিশেষ কিউআর কোড স্ক্যান করলেই পাওয়া যাবে সংশ্লিষ্ট এলাকার পুলিশ হেল্পলাইন নম্বর থেকে শুরু করে অ্যাম্বুল্যান্স, হাসপাতালের যাবতীয় তথ্য। শনিবার জেলার বিভিন্ন মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ-সহ অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি মহিলাদের কথা ভেবে নির্দিষ্ট দূরত্ব অন্তর বায়ো টয়লেট ও বেবি ফিডিং জোনের ব্যবস্থাও রাখা হচ্ছে।

গাইডম্যাপ থেকে ট্র্যাফিক – পুজোয় সব প্রস্তুত। মহালয়াতেই পুজোর গাইডম্যাপ প্রকাশ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। চালু হয়েছে ১৯টি নতুন ট্র্যাফিক কিয়স্ক। পুজোর রাতে ১৫৯টি বাইক টিম টহল দেবে। থাকছে ৬৫টি সহায়তা বুথ, ৪৩টি পয়েন্টে নাকা চেকিং ও ৪৪টি সাইবার ওয়াল। পঞ্চমী থেকেই খড়গপুর ও মেদিনীপুরে যান নিয়ন্ত্রণ শুরু হচ্ছে। পুলিশ সুপার জানিয়েছেন, দুপুর ৩টের পর শহরে বড় গাড়ি ঢুকতে দেওয়া হবে না। পাশাপাশি চলবে নেশা বিরোধী প্রচারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *