A uniformed police officer wearing a khaki cap salutes while standing in a public area.

জনমত বাংলা নিউজ ডেস্ক : পুজোর ভিড়ে ঠাকুর দেখতে গিয়ে পরিবারের সদস্য হারিয়ে গেলে দুশ্চিন্তার শেষ থাকে না। বিশেষ করে শিশু ও বয়স্করা ভিড়ের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়লে তাঁদের খুঁজে পেতে সমস্যায় পড়েন পরিবারের লোকজন। প্রতি বছর দুর্গাপুজোর সময় এমন ঘটনা ঘটতে দেখা যায়। সেই উদ্বেগ কমাতে এবার বিশেষ পদক্ষেপ করল কলকাতা পুলিশ। হারিয়ে যাওয়া শিশু, বয়স্ক কিংবা পরিবারের অন্য সদস্যদের দ্রুত খুঁজে বের করার লক্ষ্যে চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। পুজোর দিনগুলিতে এই পরিষেবা সাধারণ মানুষের কাজে আসবে বলেই আশা।

পুজোর ভিড়ে শিশু বা পরিবারের কেউ হারিয়ে গেলে কী করবেন? এই পরিস্থিতিতে দ্রুত সাহায্য পেতে বিশেষ ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। ২০ অক্টোবর পর্যন্ত চালু থাকবে বিশেষ হেল্পলাইন নম্বর। পরিবারের কোনও সদস্যকে খুঁজে না পেলে ৯১৬৩৭৩৭৩৭৩ নম্বরে যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ। এই বছর শিশুদের নিরাপত্তার জন্য থাকছে বিশেষ ব্যান্ডও। কলকাতা পুলিশের বিভিন্ন কিয়স্ক থেকে মিলবে এই ব্যান্ড। অভিভাবকেরা পুজো দেখতে বেরনোর আগে ছোটদের হাতে ব্যান্ডটি পরিয়ে দিতে পারেন। লালবাজারের দাবি, কোনও শিশু ভিড়ের মধ্যে পরিবারের থেকে আলাদা হয়ে গেলে এই ব্যান্ডের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তাকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা যাবে।

এছাড়াও, নিখোঁজ ব্যক্তিদের খোঁজে পুলিশের মিসিং পারসেন স্কোয়াডের ০৩৩-২২১৪১৮৩৫ নম্বরটি চালু থাকছে। জরুরি প্রয়োজনে কলকাতা পুলিশের কন্ট্রোল রুমের ১০০ ও ১১২ নম্বরেও যোগাযোগ করা যাবে। অর্থাৎ, পুজোর আনন্দে কোনও বিপত্তি ঘটলে সাহায্যের জন্য একাধিক পথ খোলা রাখছে কলকাতা পুলিশ। হেল্পলাইন চালুর পাশাপাশি নজরদারি বাড়ানো এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের ১০টি ডিভিশনের জন্য পৃথক ১০টি গাড়ির উদ্বোধন করা হয়েছে, যা পুজোর দিনগুলিতে পরিষেবা ও নজরদারির কাজে ব্যবহার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *