জনমত বাংলা নিউজ ডেস্ক : পুজোর আনন্দের মধ্যেই SBI গ্রাহকদের জন্য উদ্বেগজনক খবর! সাইবার হামলার আশঙ্কা ঘিরে প্রশ্নের মুখে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য সুরক্ষা ব্যবস্থা। আশঙ্কা করা হচ্ছে, এই সাইবার হানার জেরে লক্ষাধিক গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ডার্ক ওয়েবে ছড়িয়ে দেওয়া হয়ে থাকতে পারে। বুধবার সকালেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে SBI কর্তৃপক্ষ।
সূত্রের খবর, প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার ডেটা ডার্ক ওয়েবে রয়েছে বলে দাবি করা হচ্ছে। চুরি হয়েছে ৩,৮৯৭ জন গ্রাহকের নথি, এমনই অভিযোগ। নাম, মোবাইল নম্বর, জন্মতারিখ, বাড়ির ঠিকানা, ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে CIF আইডি এবং ঋণ সংক্রান্ত তথ্যও রয়েছে ওই নথিতে বলে দাবি। ঠিক কতজন গ্রাহক এই ঘটনার শিকার হয়েছেন এবং কী ধরনের তথ্য চুরি হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে একটি সাইবার সিকিউরিটি সংস্থাকে। অন্যদিকে, CyberPulse নামে একটি এক্স হ্যান্ডেলের পোস্টে Siriusim নামে একটি গোষ্ঠীকে এই সাইবার হামলার জন্য দায়ী করা হয়েছে বলে খবর। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলাকারীদের পরিচয় নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
তবে, ব্যাঙ্কের পরিষেবা ও আর্থিক লেনদেন স্বাভাবিক রয়েছে বলে জানা যাচ্ছে। এই সাইবার হামলার ফলে ব্যাঙ্কের অভ্যন্তরীণ পরিকাঠামোয় কোনও ক্ষতি হয়নি বলেই খবর। গ্রাহকদের লেনদেনেও কোনও সমস্যা দেখা যায়নি বলে জানানো হয়েছে। তবে আর্থিক প্রতিষ্ঠানগুলিকে নিশানা করে বারবার সাইবার হামলার ঘটনা সামনে আসায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তথ্য চুরি ও সাইবার হামলা রুখতে উন্নত সুরক্ষা প্রোটোকল চালু করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উদ্বেগের মধ্যেই ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে SBI কর্তৃপক্ষ। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এই ঘটনার জেরে মূল ব্যবসায়িক কার্যক্রম কিংবা আর্থিক লেনদেনের পরিষেবায় কোনও ক্ষতি হয়নি। ফলে গ্রাহকেরা স্বাভাবিকভাবেই নিজেদের ব্যাঙ্কিং লেনদেন চালিয়ে যেতে পারবেন। একইসঙ্গে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ম মেনেই করা হচ্ছে। তবে সাইবার হামলার প্রকৃত কারণ কী, কীভাবে তথ্য চুরির ঘটনা ঘটল এবং ঠিক কোন ধরনের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

