জনমত বাংলা নিউজ ডেস্ক : দুর্গাপুজোয় চোরবাগানের মণ্ডপে বিপর্যয়ের ঘটনার তদন্তে এবার মহাকরণে গুরুত্বপূর্ণ বৈঠক SIT-র। সোমবার দুপুরে তদন্তের অগ্রগতি পর্যালোচনা করতে মহাকরণে পৌঁছয় বিশেষ তদন্তকারী দল। ঘটনাকে কেন্দ্র করে তদন্তের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
সূত্রের খবর, SIT-র চেয়ারপার্সন অনিন্দিতা রায় সরস্বতী-সহ তদন্তকারী দলের অন্যান্য আধিকারিকরা এদিন মহাকরণে উপস্থিত হন। চোরবাগান কাণ্ডের তদন্ত কোন পর্যায়ে রয়েছে, এখনও পর্যন্ত কী কী তথ্য উঠে এসেছে, তা নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আগামী দিনে তদন্তের গতিপ্রকৃতি কী হবে এবং কোন পথে এগোবে অনুসন্ধান, তা নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে। চোরবাগানের মণ্ডপে বিপর্যয়ের ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে SIT-র এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিকে, মণ্ডপের নকশা ও নির্মাণ সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব করেছে লালবাজার। বুধবারের মধ্যে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মণ্ডপটি ঠিক কী নকশায় তৈরি করা হয়েছিল, সেই বিষয়ে শিল্পীকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা।
এছাড়াও, বিপর্যয়ের দিন ঘটনাস্থলে ডিউটিতে ছিলেন এমন ১২ জন পুলিশকর্মীকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ঘটনার সময় তাঁদের দায়িত্ব কী ছিল, কী পরিস্থিতির মধ্যে তাঁরা কাজ করছিলেন এবং বিপর্যয়ের আগে ও পরে কী ঘটেছিল, সেই সংক্রান্ত তথ্য জানতে চাইতে পারেন তদন্তকারীরা।
চোরবাগান কাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করতে একাধিক দিক খতিয়ে দেখছে পুলিশ। শিল্পী ও কর্তব্যরত পুলিশকর্মীদের বয়ান রেকর্ড করে ঘটনার সময়কার পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়ার চেষ্টা করা হবে। এই জিজ্ঞাসাবাদ থেকে তদন্তে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, এখন সেদিকেই নজর।
