জনমত বাংলা নিউজ ডেস্ক : হলদিয়া পুরসভা নির্বাচন ঘিরে আগাম হুঁশিয়ারি শুভেন্দুর! ‘বউনি করতে দেব না’, বলে মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। সোমবার তমলুক সাংগঠনিক জেলায় বিজেপির নতুন দলীয় কার্যালয়ের ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দিয়ে দলীয় কর্মীদের নির্বাচনী লক্ষ্যমাত্রা বেঁধে দেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘খালি বাটি হাতে ফেরানো’র বার্তা দেন তিনি। পুর ভোটের ফলাফল নিয়ে দৃঢ় প্রত্যয় প্রকাশ করে শুভেন্দু বলেন, “লিখে রাখুন আমার নাম করে। জনগণ আমার সঙ্গে আছে।” তাঁর এই মন্তব্যে নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
এদিন হলদিয়া পুরসভা নির্বাচনে ৩০-এ ৩০ আসন জয়ের ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তমলুকে দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে নির্বাচনী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, হলদিয়ার প্রতিটি আসনেই বিরোধীদের শূন্য করে দিতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি বাটি হাতে ফিরিয়ে দিতে হবে। তাঁর কথায়, “অনেক ক্ষতি করে দিয়েছে আমাদের। যাতে আর কোনও ক্ষতি করতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে।” শুধু হলদিয়া নয়, আগামী সব নির্বাচনেও বিজেপির জয় নিয়ে আশাবাদী তিনি। শুভেন্দুর দাবি, রাজ্যে ৬০ শতাংশের বেশি ভোট পাবে বিজেপি।
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী আরও বলেন, তিনি তৃণমূলের ঘর সামলাতে পারছেন না। নেতা-সাংসদদের ধরে না রাখতে পারার ব্যর্থতার দায় শুধুমাত্র মমতা বন্দোপাধ্যায়েরই। ৮০ জন বিধায়ক জিতিয়েও ধরে রাখতে পারেননি তিনি। একই ভাবে ২৮ জন সাংসদের মধ্যে ২০ জনকেও ধরে রাখতে পারেননি মমতা। এই পরিস্থিতির দায় বিজেপির নয় বলেও মন্তব্য করেন শুভেন্দু। পাশাপাশি, ফিরহাদ হাকিমের মন্তব্য তুলে ধরে মমতাকে নিশানা করেন তিনি। শুভেন্দুর বক্তব্য, আগে নিজেদের দলের সমস্যা মেটান, তারপর বিজেপিকে দোষারোপ করুন।
