জনমত বাংলা নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় ‘অর্ণব’কে ঘিরে বাড়ছে উদ্বেগ! ক্রমাগত শক্তি বাড়িয়ে গতকাল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এই ঝড়। আগামী ১২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এই সময়ের মধ্যে ঝড়ের শক্তি আরও বাড়তে পারে কি না, তা খতিয়ে দেখছেন আবহবিদরা। ‘অর্ণব’ কি শেষ পর্যন্ত অতি তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নেবে? সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠছে। সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে প্রশাসন।
বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে আরও ভয়ংকর রূপ নেওয়ার পথে এই ঘূর্ণিঝড়। সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, ওড়িশা, ছত্তিশগড় এবং পুদুচেরিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ উপকূলে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। আগাম সতর্কতা হিসেবে বাতিল করা হয়েছে ৫৩টি ট্রেন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ‘অর্ণব’ বর্তমানে একটি তীব্র ঘূর্ণিঝড়। আগামী ১২ ঘণ্টায় শক্তি আরও বাড়িয়ে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছেন আবহবিদরা। উপকূলবর্তী অঞ্চলে ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
ঘূর্ণিঝড়ের সরাসরি ল্যান্ডফল পশ্চিমবঙ্গে হওয়ার সম্ভাবনা না থাকলেও তার পরোক্ষ প্রভাব পড়তে পারে বাংলার আবহাওয়ায়। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বিভিন্ন জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির পাশাপাশি রাজ্যে বৃষ্টির পরিস্থিতি নিয়েও সতর্ক নজর রাখছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে, ঘূর্ণিঝড় ‘অর্ণব’কে ঘিরে সতর্ক রেল কর্তৃপক্ষও। সম্ভাব্য পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ২৭ ও ২৮ অক্টোবরের জন্য মোট ৫৩টি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। এর জেরে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে যাতায়াতে সমস্যা হতে পারে। বিজয়ওয়াড়া, মছিলিপত্তনম, রাজামুন্দ্রি, ভীমাভারম, কাকিনাডা বন্দর, নরসাপুর, গুন্টুর এবং বিশাখাপত্তনমের সঙ্গে সংযোগকারী একাধিক ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়তে পারেন যাত্রীরা।
