Close-up of an IndianOil petrol pump dispenser displaying E-20 fuel, with the company logo, Hindi text, and a blue fuel nozzle attached.

জনমত বাংলা নিউজ ডেস্ক : জ্বালানি ব্যবহারে বড় পরিবর্তনের পথে ভারত! এবার দেশের রাস্তায় চলাচলের অনুমতি পেল E100 বা প্রায় বিশুদ্ধ ইথানলে চালিত ফ্লেক্স ফুয়েল গাড়ি। সোমবার নতুন নির্দেশিকা জারি করে মোটর ভেহিকল আইনে সংশোধন করেছে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক। এই সংশোধনীর ফলে ইথানল-চালিত গাড়ির চলাচলের পথ আরও প্রশস্ত হল।

তবে ইথানল মিশ্রিত পেট্রল ব্যবহারের ক্ষেত্রে থাকছে নির্দিষ্ট বিধিনিষেধ। কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী, যে গাড়িগুলি E20 থেকে E100 পর্যন্ত ইথানল মিশ্রিত জ্বালানিতে চলতে পারে, সেগুলিতেই ২০ শতাংশের বেশি ইথানলযুক্ত পেট্রল ব্যবহার করা যাবে। E20-উপযোগী গাড়ি এবং সম্পূর্ণ পেট্রলচালিত গাড়িতে ২০ শতাংশের বেশি ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহার করা নিষিদ্ধ থাকবে।

E20 বা সাধারণ পেট্রলচালিত গাড়ি থাকলে কি এবার নতুন গাড়ি কিনতে হবে? না, গাড়ি বদলানোর কোনও বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট করেছে কেন্দ্র। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, চালকরা আগের মতোই তাঁদের বর্তমান গাড়ি ব্যবহার করতে পারবেন। তবে পেট্রল ভরানোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি। নিজের গাড়ির ইঞ্জিন কোন ধরনের জ্বালানির উপযোগী, তা আগে যাচাই করে নিতে হবে। বিশেষ করে E10 বা E20 পেট্রলে চলার জন্য তৈরি গাড়িতে E85 জ্বালানি ব্যবহার করা উচিত নয়। গাড়ির ইঞ্জিনের সুরক্ষার কথা মাথায় রেখেই উপযুক্ত জ্বালানি বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরে মারুতি সুজুকি তাদের প্রথম ফ্লেক্স ফুয়েল চালিত গাড়িটি সামনে এনেছিল। মারুতি সুজুকি সংস্থার দাবি, এই গাড়ি E20 থেকে E100 পর্যন্ত ইথানল মিশ্রিত জ্বালানিতে চলতে পারে। আগামী দিনে আরও একাধিক সংস্থা ফ্লেক্স ফুয়েল প্রযুক্তির গাড়ি বাজারে আনার পরিকল্পনা করছে। পাশাপাশি, নীতি আয়োগের তালিকায় এই গাড়িগুলিকে Zero Emission Vehicle হিসেবেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *