জনমত বাংলা নিউজ ডেস্ক : সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে গেলেও তার পরোক্ষ প্রভাব পড়েছে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পূর্বাভাস অনুযায়ী কয়েক পশলা বৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি উপকূল ও পশ্চিমের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
মঙ্গলবার থেকেই দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী এলাকায় একটানা বৃষ্টি হচ্ছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে , বৃহস্পতিবার এবং শুক্রুবারও এই পরিস্থিতি বজায় থাকবে। বঙ্গের পশ্চিমাঞ্চল এবং উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বাকি জেলাগুলিতেও বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এদিকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও আকাশের মুখ ভার। মেঘ জমেছে মহানগরে। পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার রাত বা শুক্রবার সকালেও বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে, অক্টোবর মাসের শেষ দিন থেকে আবহাওয়ার উন্নতি হবে, কমবে বৃষ্টির পরিমাণ।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই পাহাড়ে ভ্রমণরত পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। আর এই আবহাওয়ার জেরেই সিকিমের উঁচু এলাকায় শুরু হয়েছে তুষারপাত। কুপুপ গ্রাম, নাথাং উপত্যকা-সহ একাধিক জায়গা এখন বরফে ঢাকা।
