জনমত বাংলা নিউজ ডেস্ক : দেশের নিরাপত্তা নিয়ে বড়সড় চাঞ্চল্য! পাকিস্তানের আইএসআইয়ের হয়ে চরবৃত্তির অভিযোগে হাসিমারা থেকে গ্রেফতার ভারতীয় সেনার এক জওয়ান। পাঞ্জাব পুলিশের স্পেশাল অপারেশন সেলের হাতে ধরা পড়েছেন তিনি। অভিযোগ, সেনাবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছে পাঠাতেন ওই জওয়ান। গ্রেফতারের পর তাঁকে ট্রানজিট রিমান্ডে পাঞ্জাবে নিয়ে যাওয়া হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, পাঞ্জাবের বাসিন্দা এই জওয়ানের বিরুদ্ধে সহযোগীদের সঙ্গে মিলে সেনা ছাউনি সংক্রান্ত গোপন তথ্য আইএসআইয়ের কাছে পাচারের অভিযোগ রয়েছে। গত ৮ অক্টোবর ২০২৬ ফাজিলকার স্টেট স্পেশাল অপারেশন সেলে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে মামলা দায়ের হয়। গ্রেফতারের পর শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হলে অভিযুক্তের দু’দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর হয়। কোন কোন গোপন তথ্য পাচার করা হয়েছে? এই চক্রের পিছনে আর কারা রয়েছে? কী কারণে দেশের নিরাপত্তার সঙ্গে আপস করলেন অভিযুক্ত? সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, কাঞ্চনজঙ্ঘা দেখতে আসার নাম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা গ্রেফতার হয়েছেন এক চিনা নাগরিক। কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে ধরা পড়েছেন ইউহাস লিউ। তাঁর সঙ্গে আটক করা হয়েছে নেপালি গাইড দীনেশ পুরিকেও। গোয়েন্দা সূত্রে খবর, চলতি মাসে চিন থেকে নেপালে এসেছিলেন লিউ। শুক্রবার ভোররাতে নেপাল সীমান্ত পেরিয়ে দু’জনকে ভারতে ঢুকতে দেখে সন্দেহ হয় এসএসবি জওয়ানদের। জিজ্ঞাসাবাদের সময় দু’জনেই নিজেদের নেপালি বলে পরিচয় দেন। কিন্তু লিউ নেপালি কিংবা হিন্দিতে কথা বলতে না পারায় সন্দেহ বাড়ে। পরে দোভাষীর সাহায্যে জেরা করতেই তাঁর চিনা পরিচয় সামনে আসে। কেন ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি? এর পিছনে কি সত্যিই চরবৃত্তির যোগ রয়েছে? খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
