জনমত বাংলা নিউজ ডেস্ক : উৎসবের মরশুমে সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে বড় ঘোষণা রাজ্য সরকারের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির পর এবার রাজ্যের কর্মী ও পেনশনভোগীদের জন্য ২ শতাংশ ডিএ ও ডিআর বাড়ানোর ঘোষণা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উপকৃত হবেন প্রায় ৩.৮৫ লক্ষ কর্মী এবং ১.৫০ লক্ষ পেনশনভোগী।
রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবির মাঝেই ডিএ বৃদ্ধির ঘোষণা ছত্তিশগড় সরকারের। আরও ২ শতাংশ মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ বাড়ানোর কথা জানালেন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। এর ফলে ৫৮ শতাংশ থেকে বেড়ে ডিএ ও ডিআরের হার দাঁড়াচ্ছে ৬০ শতাংশে। আগামী ১ নভেম্বর থেকে নতুন হার কার্যকর হবে। উল্লেখ্য, কেন্দ্রীয় হারে ডিএ, ডিআর এবং বকেয়া মেটানোর দাবিতে দীর্ঘদিন ধরেই সরব হয়েছিলেন ছত্তিশগড়ের সরকারি কর্মীরা। এই দাবিতে মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী ও পি চৌধুরীকে চিঠিও দিয়েছিল ছত্তিশগড় কর্মচারী অধিকারী ফেডারেশন।
গত ২৭ অক্টোবর উপমুখ্যমন্ত্রী অর্জুন সাওয়ের সঙ্গে বৈঠক করেন কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিরা। বকেয়া ডিএ মেটানোর পাশাপাশি আরও ২ শতাংশ মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ দেওয়ার দাবি জানানো হয় তাঁদের তরফে। এরপরই ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে প্রতি মাসে সরকারের অতিরিক্ত ৩৬ কোটি টাকা ব্যয় হবে। তবে বর্ধিত ডিএ ৬০ শতাংশ হলেও কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে ব্যবধান থেকেই যাচ্ছে। কারণ, কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৬৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।
