জনমত বাংলা নিউজ ডেস্ক : কালীপুজোর আগেই ফের মেট্রোতে ভোগান্তি! জানা গিয়েছে, আগামী ১ নভেম্বর আংশিকভাবে বন্ধ থাকবে মেট্রো চলাচল। ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে ব্লু লাইনের কয়েকটি স্টেশনে মিলবে না পরিষেবা। ফলে সপ্তাহান্তে যাতায়াতের পরিকল্পনা করার আগে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রবিবার ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে ব্লু লাইনে দীর্ঘ ৯ ঘণ্টা বন্ধ থাকবে একাংশের মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো সূত্রে খবর, নেতাজি ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মাঝে কাজ চলবে। সেই কারণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে এই সময়ে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত স্বাভাবিকভাবে পরিষেবা চালু থাকবে। সকাল ৯টা থেকে দক্ষিণেশ্বর স্টেশন থেকেই মেট্রো পরিষেবা শুরু হবে।
এদিন দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। আর ময়দান থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে প্রথম মেট্রো রওনা দেবে সকাল ৯টা ১৫ মিনিটে। শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে অবশ্য স্বাভাবিক সময়েই। সন্ধ্যা ৬টার পর ব্লু লাইনে সম্পূর্ণ পরিষেবা ফের চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইয়েলো ও গ্রিন লাইনে কোনও প্রভাব পড়বে না। অন্যদিকে, জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সরাসরি মেট্রো পাওয়া যাবে না। পাশাপাশি রবিবারের সূচি অনুযায়ী পার্পল ও অরেঞ্জ লাইনেও পরিষেবা বন্ধ থাকবে।
