জনমত বাংলা নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! নাম মুরাসু। যার অর্থ বাদ্যযন্ত্রের ঝঙ্কার। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, প্রথমে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণাবর্ত। এরপর সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে মুরাসু।
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব পড়তে পারে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়। অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম উপকূলের কাছে স্থলভাগে আছড়ে পড়ার পর শক্তি হারিয়ে হায়দরাবাদের দিকে এগোতে পারে ঘূর্ণিঝড়টি। ফলে উপকূলীয় এলাকা থেকে শুরু করে নবাবের শহর হায়দরাবাদেও ঝড়-বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, শনিবার সকালে ইসরোর আবহাওয়া উপগ্রহের তোলা ছবিতে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের আকাশে প্রবল বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের উপস্থিতি ধরা পড়েছে। ঘূর্ণিঝড় মুরাসুর গতিপথ ও শক্তির উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে, এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন আবহাওয়ার বড়সড় পরিবর্তনের আশঙ্কা করা হচ্ছে। আন্দামান সাগর ও বঙ্গোপসাগর জুড়ে ব্যাপক বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে উত্তর ও দক্ষিণ আন্দামান সাগরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। অন্ধ্রপ্রদেশ উপকূলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকদিন আকাশ মেঘলা থাকার পূর্বাভাসও রয়েছে। যদিও এখনও পর্যন্ত জলোচ্ছ্বাস নিয়ে কোনও সতর্কতা জারি হয়নি।
