জনমত বাংলা নিউজ ডেস্ক : পরীক্ষার্থীদের জন্য বড় খবর! ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণে আসছে পরিবর্তন। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, জানুয়ারি থেকেই রাজ্যে শুরু হচ্ছে জনগণনার কাজ। এই কাজে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের যুক্ত করা হবে। ফলে পরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় শিক্ষক পাওয়া নিয়ে জটিলতা তৈরি হতে পারে। সেই সমস্যার কথা মাথায় রেখেই পরীক্ষার সূচি পিছিয়ে দেওয়ার প্রস্তাবে মান্যতা দিল পর্ষদ।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ২০২৭ সালের জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত চলবে জনগণনার প্রথম পর্যায়ের বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ। এই কাজে যুক্ত থাকবেন রাজ্যের বহু স্কুলশিক্ষক। ফলে ফেব্রুয়ারিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হলে পরীক্ষাকেন্দ্রে শিক্ষক ও পরিদর্শকের অভাব দেখা দিতে পারে। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই গত ২ নভেম্বর পর্ষদ সভাপতি ড. রামানুজ গঙ্গোপাধ্যায় স্কুলশিক্ষা দফতরের কমিশনারকে চিঠি দিয়ে পরীক্ষার নতুন সূচির অনুমোদন চেয়েছেন।
২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার একটি প্রস্তাবিত সূচিও সামনে এনেছে পর্ষদ। প্রস্তাব অনুযায়ী, ২ মার্চ প্রথম ভাষা, ৩ মার্চ দ্বিতীয় ভাষা, ৫ মার্চ ইতিহাস, ৮ মার্চ ভূগোল, ১২ মার্চ গণিত, ১৩ মার্চ ভৌতবিজ্ঞান, ১৫ মার্চ জীবনবিজ্ঞান এবং ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হতে পারে। তবে এই সূচি এখনও চূড়ান্ত নয়। রাজ্য স্কুলশিক্ষা দফতরের অনুমোদন পাওয়ার পরেই কার্যকর হবে নতুন সময়সূচি। প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষা এবং উচ্চমাধ্যমিকের সেমিস্টার পরীক্ষার সঙ্গে যাতে মাধ্যমিকের দিনক্ষণ না মেলে, তা মাথায় রেখেই তৈরি হয়েছে এই প্রস্তাবিত সূচি।
