জনমত বাংলা নিউজ ডেস্ক : চা শ্রমিকদের জন্য দীপাবলির উপহার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর! মঙ্গলবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে একাধিক ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, চা বাগানের শ্রমিকদের ৫০০০ টাকা দেওয়া হবে। পাশাপাশি রেশনে চালের পরিমাণ ৩৫ কেজি থেকে বাড়িয়ে ৫০ কেজি করার বিষয়েও ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। পরিকল্পনা চূড়ান্ত হলে রেশন সুবিধাভোগীরা বাড়তি চাল পাবেন।
এদিন উত্তরবঙ্গের বন্ধ চা বাগান খোলা নিয়ে বড় আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। শ্রমিকদের উদ্দেশে তাঁর বার্তা, “এখানে এখনও অনেক চা বাগান বন্ধ। সেসব দ্রুত খুলতে হবে। আপনারা জব কার্ড রেডি করুন, কাজ শুরু হবে।”মঞ্চ থেকে শ্রমমন্ত্রী অর্জুন সিংকে সরাসরি দায়িত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আপনাকেই চা বাগানগুলো খুলতে হবে, সব মুখ্যমন্ত্রী করলে হবে না।” তাঁর দাবি, সামসিং ও আরও কয়েকটি চা বাগান ইতিমধ্যেই খুলে গিয়েছে। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনায় সব কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলেও জানান তিনি। পাশাপাশি কালিম্পঙের জন্যও বড় ঘোষণা করেন শুভেন্দু। তিনি জানান, দ্রুত মেডিক্যাল কলেজের শিলান্যাস হবে। সম্ভাব্য তারিখ ৯ ডিসেম্বর।
উত্তরবঙ্গের চা শিল্পের অন্যতম বড় সঙ্কট বন্ধ চা বাগান। তৃণমূল জমানায় একের পর এক ধুঁকতে থাকা চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারান বহু শ্রমিক। তাঁদের জন্য বিনামূল্যে রেশন, স্বাস্থ্যসাথী কার্ড, চা সুন্দরী-সহ নানা সরকারি সুবিধার ব্যবস্থা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। চা বাগানের দুরবস্থার জন্য বারবার কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। তবে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার বন্ধ চা বাগান খোলার নতুন আশ্বাস সামনে এসেছে। প্রতিশ্রুতি বাস্তবের মুখ দেখে কি না, এখন সেই অপেক্ষাতেই চা বাগানের শ্রমিক ও তাঁদের পরিবার।
