জনমত বাংলা নিউজ ডেস্ক : দীর্ঘদিন বাস ভাড়া অপরিবর্তিত থাকায় লোকসানের মুখে বেসরকারি বাস শিল্প। অন্যদিকে, লাগাতার বাড়ছে ডিজেলের দাম ও বাস চালানোর আনুষঙ্গিক খরচ। এই পরিস্থিতিতে পুজোর পর বাস ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে ফের পরিবহণমন্ত্রীর দ্বারস্থ হলেন বেসরকারি বাস মালিক সংগঠনের কর্তারা। মন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে নতুন ভাড়ার প্রস্তাব। এর আগে গত ১৭ সেপ্টেম্বর পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন বাস মালিকেরা। তখন পুজোর পর ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস মিলেছিল। সেই আশ্বাসের কথা মনে করিয়েই এবার দ্রুত সিদ্ধান্তের আর্জি জানিয়েছেন বাস মালিকেরা।
বাস মালিক সংগঠনগুলির প্রস্তাব, কলকাতায় বাসে উঠলেই দিতে হবে ন্যূনতম ১৮ টাকা। আর জেলাগুলিতে বাসে উঠলেই ন্যূনতম ভাড়া হবে ২০ টাকা। মালিকদের বক্তব্য, ২০১৮ সালের পর থেকে রাজ্যে সরকারিভাবে বাস ভাড়া বাড়েনি। লোকসানে চলতে চলতে একের পর এক বাস রাস্তা থেকে উঠে যাচ্ছে। ভোগান্তি বাড়ছে সাধারণ যাত্রীদের। পরিষেবা বাঁচিয়ে রাখতেই ভাড়া পুনর্নির্ধারণ জরুরি। এর পাশাপাশি, এক্সপ্রেস বাসের ক্ষেত্রে প্রথম ৪ কিমিতে ন্যূনতম ভাড়া ২৫ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এরপর প্রতি কিমির জন্য ১ টাকা ৫০ পয়সা হারে ভাড়া ধার্য করার আর্জি জানিয়েছেন বাস মালিকরা।
পুজোর আগেই বাস ভাড়া বাড়ানোর দাবিতে পরিবহণমন্ত্রীর দ্বারস্থ হয়েছিল বাস মালিক সংগঠনগুলি। তখন মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছিল, দুর্গাপুজো মিটলেই ভাড়া সংক্রান্ত বিষয়ে ইতিবাচক পদক্ষেপ করবে সরকার। সেই প্রতিশ্রুতির কথা মনে করিয়ে এবার নতুন করে ভাড়া বৃদ্ধির প্রস্তাব পেশ করলেন মালিকেরা।
