Night view of a wide city road with rows of blue and yellow public buses parked on both sides, streetlights illuminating the road, a green median with bushes in the centre, and the word 'STOP' painted on the asphalt.

জনমত বাংলা নিউজ ডেস্ক : দোরগোড়ায় কালীপুজো। আর উৎসবের ভিড় সামলাতে আগাম প্রস্তুতি শুরু কলকাতা পুলিশের। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মানুষের যাতায়াতে যাতে সমস্যা না হয়, তার জন্য বিকল্প পথের ব্যবস্থাও রাখা হচ্ছে। কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে এবং কোন পথে ঘুরবে গাড়ি, বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লালবাজার।

আগামী ৮ নভেম্বর অর্থাৎ কালীপুজোর দিন শহরে বাড়তি পুলিশ মোতায়েনের পাশাপাশি মধ্য কলকাতার একাধিক রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লালবাজারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ নভেম্বর সকাল ৬টা থেকে ৯ নভেম্বর ভোর ৪টে পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে। তবে প্রতিমা বহনকারী গাড়ি এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকছে। সূর্য সেন স্ট্রিট, কলেজ স্ট্রিট, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, আরবি অ্যাভিনিউ, এস এন ব্যানার্জি রোড ও লেনিন সরণি-সহ মোট ১৭টি গুরুত্বপূর্ণ রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল।

এর পাশাপাশি বিসর্জনের গাড়ি চলাচলেও কড়াকড়ি করছে লালবাজার। নতুন নির্দেশিকা অনুযায়ী, এপিসি রায় রোড ও রাসবিহারী অ্যাভিনিউ হয়ে ঘুরবে বাস। ৮ নভেম্বর বিকেল ৪টে থেকে কলেজ স্ট্রিট, প্রিন্স আনোয়ার শাহ রোড, এস এন ব্যানার্জি রোড-সহ ২৪টি রাস্তায় যাত্রী ওঠানামা, মাল ওঠানামা ও পার্কিং বন্ধ থাকবে। কালীঘাট মন্দির সংলগ্ন এলাকাতেও নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হবে। ৮ নভেম্বর ভোর ৫টা থেকে বেলা ১১টা এবং বিকেল ৫টা থেকে পরদিন ভোর ৪টে পর্যন্ত কালীঘাট রোড, সদানন্দ রোড, রাসবিহারী অ্যাভিনিউ ও হাজরা রোডে যান নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি ৯ থেকে ১১ নভেম্বর সকাল ৮টা থেকে ভোর ৪টে পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।

বিসর্জনের দিনগুলিতেও থাকছে একাধিক বিধিনিষেধ। বিকেল ৪টে থেকে ভোর ৩টে পর্যন্ত শহরের ৪৩টি রাস্তায় বিসর্জনের গাড়ি ছাড়া অন্য যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে। একইসঙ্গে পার্ক স্ট্রিট, এজেসি বোস রোড, কুইনস ওয়ে, শেক্সপিয়র সরণি, হসপিটাল রোড, এজেসি বোস ফ্লাইওভার, কালীঘাট ব্রিজ ও মা ফ্লাইওভারে বিসর্জনের গাড়ি চলাচল করতে পারবে না।

সাধারণ যান চলাচলে একাধিক বিধিনিষেধ জারি হলেও জরুরি পরিষেবার গাড়ির জন্য বিশেষ ছাড় রেখেছে লালবাজার। অ্যাম্বুলেন্স, অক্সিজেন, ওষুধ সরবরাহকারী গাড়ি ও দমকলের পাশাপাশি জরুরি খাদ্যপণ্য বহনকারী যান চলাচলেও কোনও বাধা থাকবে না। পুরসভা এবং সংবাদমাধ্যমের গাড়িও এই নিষেধাজ্ঞার বাইরে। এছাড়া বিকেল ৪টে পর্যন্ত ১৬০০ কেজির কম ওজনের ছোট মালবাহী গাড়ি চলাচল করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *