A crowd of people at a political rally, with a prominent orange and green BJP flag in the foreground displaying the letters 'BJP' and the lotus symbol, many more BJP flags visible in the background.

জনমত বাংলা নিউজ ডেস্ক : জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিরোধী জোটের কর্মসূচির পাল্টা পথে বিজেপি। ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানকে সামনে রেখে সোমবার কলকাতায় বিশাল মিছিলের আয়োজন করেছে গেরুয়া শিবির। সেই কর্মসূচিতে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। দুপুর আড়াইটে নাগাদ তাঁর কলকাতায় পৌঁছনোর কথা। বিকেলে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হাঁটবেন তিনি।

নিতিন নবীনের পাশাপাশি মিছিলে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ দলের একাধিক শীর্ষ নেতা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, স্বপন দাশগুপ্ত, দিলীপ ঘোষ, তাপস রায়, অগ্নিমিত্রা পাল, অর্জুন সিং-সহ রাজ্য ও কেন্দ্রের একাধিক মন্ত্রী এবং নেতৃত্বের অংশ নেওয়ার কথা রয়েছে। দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের উপস্থিতিতে কলকাতার রাজপথে বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে বিজেপি।

এছাড়াও মিছিলে থাকার কথা বিধায়ক সজল ঘোষ, কৌস্তভ বাগচী, রাজেশ কুমার, রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, দেবাশিস ধর, শঙ্কর শিকদার, তরুণজ্যোতি তিওয়ারি-সহ একাধিক বিধায়কের। দলের পাঁচ রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, বিজন গোস্বামী, শশী অগ্নিহোত্রী ও সৌমিত্র খাঁ-সহ বিভিন্ন পদাধিকারীরাও কর্মসূচিতে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিরোধী জোটের আন্দোলনের পাল্টা কর্মসূচি হিসেবে দেশের বিভিন্ন রাজ্য ও শহরে ‘লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ মিছিল করছে বিজেপি। সেই কর্মসূচিরই অংশ হিসেবে এবার কলকাতার রাজপথে নামছে গেরুয়া শিবির। বিজেপির সর্বভারতীয় সভাপতির উপস্থিতিতে এই মিছিলকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *