জনমত বাংলা নিউজ ডেস্ক : দেশের ব্যাঙ্ক, নন-ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি এবং ফিনটেক সংস্থাগুলিকে লক্ষ্য করে বাড়ছে সাইবার হামলা। এই পরিস্থিতিতে বড়সড় সতর্কবার্তা জারি করল ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের ন্যাশনাল সাইবারক্রাইম থ্রেট অ্যানালাইসিস ইউনিট এবং CERT-In। সংস্থাগুলির আশঙ্কা, সাম্প্রতিক হামলাগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত দ্রুত আর্থিক জালিয়াতি চালাচ্ছে সাইবার অপরাধীরা।
সতর্কবার্তা অনুযায়ী, প্রথমে নিরাপত্তার ত্রুটি থাকা বা দীর্ঘদিন আপডেট না হওয়া ইন্টারনেট-সংযুক্ত সার্ভার ও আইটি সিস্টেমকে নিশানা করছে হ্যাকাররা। এমনকী গ্রাহক অভিযোগ ব্যবস্থাও তাদের লক্ষ্যবস্তু হচ্ছে। এরপর পেমেন্ট ও অর্থ স্থানান্তরের সঙ্গে যুক্ত স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং এপিআইয়ে ঢুকে অননুমোদিত লেনদেনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে খবর। এআই-চালিত প্রযুক্তির সাহায্যে কয়েক মুহূর্তের মধ্যেই গোটা প্রক্রিয়া সম্পন্ন করছে অপরাধীরা।
জালিয়াতির মাধ্যমে হাতানো টাকা বিভিন্ন ব্যাঙ্কের তথাকথিত ‘মিউল অ্যাকাউন্ট’-এ পাঠানো হচ্ছে। সেখান থেকে IMPS ও NEFT-এর মতো পেমেন্ট চ্যানেলের মাধ্যমে দ্রুত অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে, অথবা নগদে তুলে নেওয়া হচ্ছে। তদন্তকারীদের নজর এড়াতে ডিজিটাল রেকর্ড মুছে ফেলা এবং নিজেদের অনলাইন পরিচয়ের চিহ্ন গোপন করারও চেষ্টা করছে হ্যাকাররা। ফলে আর্থিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে সমস্ত ব্যাঙ্ক, NBFC, ফিনটেক সংস্থা, পেমেন্ট অ্যাগ্রিগেটর এবং পেমেন্ট গেটওয়ে অপারেটরদের অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশিকা দেওয়া হয়েছে। কোনও সাইবার হামলার ঘটনা ঘটলে ছয় ঘণ্টার মধ্যে CERT-In-কে জানাতে হবে। ব্যাঙ্ক ও NBFC-গুলিকে একই সময়সীমার মধ্যে আরবিআই -এর নির্ধারিত পোর্টালেও রিপোর্ট করতে হবে। পাশাপাশি, বিপুল সংখ্যক জালিয়াতিপূর্ণ লেনদেনের ক্ষেত্রে সন্দেহজনক অর্থ আটকানোর জন্য NBFC ও ফিনটেক সংস্থাগুলিকে I4C-এর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, সমস্ত পেমেন্ট-সংক্রান্ত এপিআইয়ের তালিকা তৈরি করে অব্যবহৃত ও মেয়াদোত্তীর্ণ এপিআই নিষ্ক্রিয় করতে হবে। প্রতিটি লেনদেন ও দৈনিক অর্থপ্রদানের সীমা নির্ধারণ, প্রাপকের নাম ও অ্যাকাউন্ট যাচাই, অস্বাভাবিক লেনদেন এবং সন্দেহজনক আইপি থেকে প্রবেশের চেষ্টা নজরদারির আওতায় আনতে হবে। KYC ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া অর্থ স্থানান্তর বন্ধ রাখার পাশাপাশি গ্রাহক পরিষেবা ব্যবস্থার নিরাপত্তাও বাড়াতে হবে। এআই-চালিত দ্রুত সাইবার হামলা মোকাবিলায় ‘রেড টিম মহড়া’র মাধ্যমে প্রস্তুতি যাচাইয়ের পরামর্শ দিয়েছে কেন্দ্র। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এবং গ্রাহকদের অর্থের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও স্পষ্ট করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলি।
