জনমত বাংলা নিউজ ডেস্ক : পাকিস্তানি রাজনীতিবিদদের অর্থে চলছে ককরোচ জনতা পার্টি! সিজেপিকে নিশানা করে এমনই বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তাঁর অভিযোগ, সৌরভ দাস, অভিজিৎ দীপকে ও আশুতোষ রাঙ্কা পাকিস্তানি রাজনীতিবিদদের কাছ থেকে আর্থিক মদত পাচ্ছেন। এই অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, বিদেশি অর্থের জোরেই ভারতে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে ককরোচরা।
জিতেন্দ্র সিংয়ের অভিযোগ, ভারতবিদ্বেষী সংস্থাগুলির কাছ থেকে অর্থ পাচ্ছে ককরোচরা। বিদেশি অর্থের সাহায্যে দেশের ভিতরে ‘ডিপ স্টেট’ এবং ভারতবিরোধী কার্যকলাপ চালানো হচ্ছে। জিতেন্দ্র সিংয়ের দাবি, অভিজিৎ দীপকে মার্কিনদের কাছ থেকে অর্থ নিচ্ছেন এবং আশুতোষ রাঙ্কাকে আর্থিক সাহায্য করছেন পাকিস্তানি রাজনীতিবিদরা। এই বিষয়ে পর্যাপ্ত প্রমাণ তাঁদের হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি। যদিও যন্তর মন্তরে প্রতিবাদের সময় থেকেই তহবিলের উৎস নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, এতদিন তার কোনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
জিতেন্দ্র সিংয়ের পাশাপাশি সিজেপিকে নিয়ে সরব হয়েছেন বিজেপি মুখপাত্র তুহিন এ সিনহা। তাঁর দাবি, উৎসবের মরশুমে রাজধানীতে অশান্তি ও অরাজকতা তৈরি করাই ছিল ককরোচদের লক্ষ্য। এর পিছনে অসাধু উদ্দেশ্য কাজ করছিল বলেও অভিযোগ করেন তিনি। প্রসঙ্গত, যন্তর মন্তরে প্রতিবাদের অধিকার প্রত্যাহারের পরদিনই সেখানে প্রবেশ করেছিলেন আশুতোষ ও সৌরভ দাস। তাঁদের সাত দিন জেলে থাকতে হয়। দুই নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার ফের তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এরই মধ্যে ককরোচদের আর্থিক মদত নিয়ে বিস্ফোরক দাবি করেছেন কেন্দ্রীয় নেতৃত্বরা।
তবে শুধু ককরোচ নয়, কংগ্রেসের বিরুদ্ধেও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বিজেপি। তুহিন এ সিনহার দাবি, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে কালিমালিপ্ত করতেই কংগ্রেস ও সিজেপি একযোগে কাজ করছে। একই সময়ে দুই পক্ষের বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার বিষয়টিও সন্দেহজনক বলে মনে করছেন বিজেপি মুখপাত্র। তাঁর অভিযোগ, এর পিছনে বড়সড় ষড়যন্ত্র থাকতে পারে। তবে এই অভিযোগের পক্ষে কোনও নির্দিষ্ট প্রমাণ প্রকাশ্যে আনেননি জিতেন্দ্র সিং বা তুহিন। ককরোচদের তরফেও এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। এদিকে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন না দুই ককরোচ নেতা। যদিও বিদেশি অর্থের মদত নিয়ে দিল্লি পুলিশের তরফে এখনও কোনও সরকারি অভিযোগ দায়ের করা হয়নি।
