A man with wavy black hair and a tilak on his forehead, wearing a light blue kurta, speaking into a microphone with one hand raised and the other near his face.

জনমত বাংলা নিউজ ডেস্ক : বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্যের পর শ্রীকৃষ্ণকে ঘিরে বিতর্কে জড়িয়েছেন বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী। এবার সেই মন্তব্যের জেরেই আগ্রার আদালতে দায়ের হল মামলা। অভিযোগ, ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে ভক্তদের ভাবাবেগে আঘাত করেছেন তিনি। একই সঙ্গে অপমান করেছেন শ্রীকৃষ্ণের উত্তরসূরিদেরও। আদালত মামলাটি গ্রহণ করেছে। আগামী ১৪ ডিসেম্বর শুনানি রয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে মধ্যপ্রদেশের শিবপুরীতে। সেখানে রামকথার আসরে ভগবান রামের প্রশংসা করতে গিয়ে শ্রীকৃষ্ণকে কার্যত কটাক্ষ করে বসেন বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী। তাঁর বক্তব্য, “তোমাদের কৃষ্ণ তো বাঁকা, আমাদের রামকে দেখো। তিনি চলেন সোজা, কাজ করেন সোজা, তাঁর নামটাও অতি সহজ।’ এরপর শ্রীকৃষ্ণের বংশীধারী মূর্তি নিয়েও কটাক্ষ করেন তিনি। বাঁশির বদলে রামের ধনুককেই বেশি গুরুত্ব দেন বাগেশ্বর বাবা। স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যে ক্ষুব্ধ হন কৃষ্ণভক্তরা। বিতর্ক বাড়তেই পরে ক্ষমাও চান ধীরেন্দ্র শাস্ত্রী। তবে তাতেও ক্ষোভ প্রশমিত হয়নি।

ঘটনায় ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে আগ্রার নিম্ন আদালতে অপরাধমূলক মানহানির মামলা দায়ের করেছেন আইনজীবী অজয় প্রতাপ সিং। তাঁর দাবি, ওই মন্তব্যে দেশের অসংখ্য কৃষ্ণভক্তের ভাবাবেগে আঘাত লেগেছে। পাশাপাশি অপমানিত হয়েছেন শ্রীকৃষ্ণের বর্তমান উত্তরসূরিরাও, যাঁরা এখনও ভারতে বসবাস করেন। বিচারক কাঞ্চন কুমার মামলাটি গ্রহণ করেছেন। আগামী ১৪ ডিসেম্বর শুনানি। মামলায় দোষী সাব্যস্ত হলে কারাবাসের মুখেও পড়তে পারেন ধীরেন্দ্র শাস্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *