জনমত বাংলা নিউজ ডেস্ক : চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড! শুক্রবার রায়পুরার কাছে চলন্ত ট্রেনে আগুন ছড়িয়ে পড়ে। অমৃতসর থেকে জলপাইগুড়িগামী এই ট্রেনের ইঞ্জিন-সহ পাঁচটি কামরা আগুনের গ্রাসে এসেছে বলে খবর। ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। হতাহতের খবরও এখনও পাওয়া যায়নি।
জানা গিয়েছে, নির্ধারিত সময়েই অমৃতসর থেকে বাংলার উদ্দেশে যাত্রা শুরু করেছিল ১২৫০৮ নম্বর কর্মভূমি এক্সপ্রেস। কিন্তু শুক্রবার দুপুরে ফতেহপুর সাহিবের সাধুগড় স্টেশন ছাড়তেই ঘটে বিপত্তি। দুপুর ১২টা ৫৮ মিনিট নাগাদ ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে বলে রেল সূত্রে খবর। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে চারটি জেনারেল কামরায়। আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। মাঝপথে ট্রেন থামতেই প্রাণ বাঁচাতে নেমে পড়েন সকলে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত পদক্ষেপ রেল কর্তৃপক্ষের। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলকর্মী ও রেলের শীর্ষ আধিকারিকরা। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য জোরকদমে চলছে চেষ্টা। প্রাথমিক তদন্তে শর্টসার্কিটের কারণে আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। রেলওয়ে মণ্ডলের পিআরও নীরজ জানিয়েছেন, মেডিক্যাল টিম ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ডিআরএম বিনোদ কুমার ভাটিয়াও সেখানে পৌঁছেছেন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছে রেল।
