জনমত বাংলা নিউজ ডেস্ক : রাশিয়া-ইউক্রেন সংঘাতের আবহে মোদী-জেলেনস্কি ফোনালাপ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি। সংঘাতের বর্তমান পরিস্থিতি নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে। একইসঙ্গে ভারত-ইউক্রেন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও সহমত পোষণ করেছেন তাঁরা। শান্তিপূর্ণভাবে সংঘাত মেটাতে ভারত সবরকম সহযোগিতায় আগ্রহী বলে জানিয়েছেন মোদী।
আগামী ১০ ও ১১ নভেম্বর ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মুখোমুখি বসানোর উদ্যোগ নিয়েছে আমেরিকা। যুদ্ধের অবসানে কূটনৈতিক সমাধান খুঁজতেই এই বৈঠকের আয়োজন। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতির কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জানিয়েছেন, আবুধাবিতে আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। ইউক্রেন গঠনমূলক অবস্থান বজায় রাখলেও রাশিয়াকেও উত্তেজনা প্রশমনে সদর্থক পদক্ষেপ করতে হবে বলে বার্তা দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপে ভারতের কূটনৈতিক ভূমিকার গুরুত্বও তুলে ধরলেন প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি। তাঁর বক্তব্য, সংঘাতের অবসানে ভারত কী পদক্ষেপ করবে এবং অন্যান্য দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে কীভাবে আলোচনা চালাবে, তা নয়াদিল্লিরই ঠিক করা উচিত। পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রফতানিতে রাশিয়ার নিষেধাজ্ঞার প্রসঙ্গও ওঠে আলোচনায়। জেলেনস্কির দাবি, খাদ্য সরবরাহ নিশ্চিত করতে করিডর তৈরির মধ্যস্থতায় প্রস্তুত ভারত। এই প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য ভারতের কাছে প্রত্যাশা জানিয়েছে ইউক্রেন।
