Close-up portrait of former Bangladesh Prime Minister Sheikh Hasina wearing glasses and a pink and gold saree with her head covered, smiling slightly.

জনমত বাংলা নিউজ ডেস্ক : বাংলাদেশে ফেরার পথে আরও একধাপ এগোলেন শেখ হাসিনা! ভারতে স্বেচ্ছানির্বাসন থেকে নিজের মাতৃভূমিতে ফেরার প্রস্তুতি শুরু করলেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন তিনি। ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ ছাড়ার পর এই প্রথমবার পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আবেদন করলেন হাসিনা। তাঁর এই পদক্ষেপ ঘিরে বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সূত্রের খবর, ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে হাসিনার। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চাইছেন তিনি। তাঁর সহযোগীরা জানিয়েছেন, সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করা হবে। তবে এই প্রত্যাবর্তন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও কূটনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

জানা গিয়েছে, হাসিনার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে বলে খবর সামনে আসার পর নতুন করে আবেদন জানানো হয়েছে। দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি লিখেছেন লন্ডন-ভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা। হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আর্জি জানানো হয়েছে।

উল্লেখ্য, ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনের সময় প্রাণঘাতী দমনপীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। যদিও ভারত থেকে সেই অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। অন্যদিকে, ক্ষমতাচ্যুত হওয়ার পর নিষিদ্ধ হয়েছে তাঁর দল আওয়ামী লীগ। দলের বহু নেতা-কর্মী বর্তমানে কারাগারে অথবা দেশ-বিদেশে নির্বাসনে রয়েছেন। ফলে হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রায় ২০ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন শেখ হাসিনা। এখনও দেশের একাংশের মানুষের মধ্যে তাঁর সমর্থন রয়েছে। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে হাসিনার দেশে ফেরা বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে বড়সড় প্রভাব ফেলতে পারে। পাশাপাশি ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক তিক্ত সম্পর্কেও নতুন মোড় আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *