জনমত বাংলা নিউজ ডেস্ক : মিডটার্ম নির্বাচনে ডেমোক্র্যাটদের দাপটের মাঝেই বড় চমক লস অ্যাঞ্জেলেসে। মেয়র নির্বাচনে জয়ী হলেন ভারতীয় বংশোদ্ভূত নিত্যা রমন। কেরলে জন্ম তাঁর। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী কারেন বাসকে হারিয়ে লস অ্যাঞ্জেলেসের প্রথম এশীয়-আমেরিকান মেয়র নির্বাচিত হলেন নিত্যা। তাঁর এই জয় ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়েছে।
সেনেট ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভস—কংগ্রেসের দুই কক্ষেই ক্ষমতা হারিয়েছে রিপাবলিকানরা। তবে এই নির্বাচনে আলাদা করে নজর কেড়েছেন ভারতীয় বংশোদ্ভূত একাধিক রাজনীতিক। চিকিৎসক থেকে আইনজীবী, প্রশাসনিক কর্তা—বিভিন্ন পেশার মানুষ উঠে এসেছেন সাফল্যের শিখরে। তাঁদের অনেকের জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায় হলেও শিকড় ভারতে। সেই তালিকাতেই এবার জায়গা করে নিলেন নিত্যা রমন। ভোটের নিরিখে ৫১.১ শতাংশ সমর্থন পেয়েছেন তিনি। সেখানে কারেন বাস পেয়েছেন ৪৮.৩৩ শতাংশ ভোট।
কেরলের সঙ্গে এখনও গভীর যোগসূত্র রয়েছে নিত্যা রমনের। ত্রিশূরে জন্ম তাঁর। বাবা-মায়ের কর্মসূত্রে শৈশবের একটা সময় কেটেছে ভারতেই। পরে উচ্চশিক্ষার জন্য বাবা আমেরিকায় চলে গেলে মাত্র ছ’বছর বয়সে পরিবারের সঙ্গে দেশ ছাড়েন নিত্যা। তবে আমেরিকায় বড় হলেও নিজের শিকড় ভোলেননি তিনি। এখনও মালয়লম ভাষা ভালোভাবেই বুঝতে পারেন এই ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক।
লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে নিত্যার প্রার্থী হওয়াও ছিল বড় চমক। শুরুতে বর্তমান মেয়র ক্যারেন বাসের পাশেই ছিলেন তিনি। রাজনৈতিকভাবেও দু’জনের সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ের ঠিক আগে আচমকাই নিজে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন নিত্যা। তাঁর যুক্তি ছিল, লস অ্যাঞ্জেলেসের বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন প্রয়োজন। শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে ক্যারেন বাসকে হারিয়ে দিলেন তিনিই। পরাজয়ের পর নিত্যাকে ফোন করে অভিনন্দন জানান ক্যারেন। একইসঙ্গে জানান, মানুষের রায়কে সম্মান জানিয়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া মসৃণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।
গৃহহীন মানুষের সমস্যা থেকে লস অ্যাঞ্জেলেসকে মুক্ত করাই নিত্যা রমনের অন্যতম বড় চ্যালেঞ্জ। এই ইস্যুতে বর্তমান মেয়রের নীতির সমালোচনা করে নিজের পরিকল্পনা সামনে এনেছেন তিনি। নিত্যার প্রতিশ্রুতি, রাস্তায় থাকা মানুষদের জন্য আরও বেশি মেডিক্যাল আউটরিচ টিম তৈরি করা হবে। চিকিৎসার পাশাপাশি তাঁদের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তোলার উপরেও জোর দেওয়া হবে। এরপর ধাপে ধাপে তাঁদের স্থায়ী আবাসনে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে। শুধু হোটেলে থাকার ব্যবস্থা নয়, গৃহহীনদের জন্য আরও বেশি বাড়ি ও স্থায়ী আবাসন তৈরির পক্ষেও সওয়াল করেছেন তিনি।
