জনমত বাংলা নিউজ ডেস্ক : হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বিতর্কিত মন্তব্য! সাসপেন্ড কলকাতা পুলিশের ইনস্পেক্টর একলাখ আহমেদ। সোমবার সকালে কলকাতা পুলিশ কমিশনারের জারি করা নির্দেশিকায় সাসপেনশনের কথা জানানো হয়েছে। সরকারি কর্মী হয়ে সরকার ও মুখ্যমন্ত্রীর উদ্দেশে অবমাননাকর মন্তব্যের অভিযোগ খতিয়ে দেখবে রাজ্য। পাশাপাশি, সাসপেনশন চলাকালীন ওই আধিকারিকের বেতনের ৫০ শতাংশ কেটে নেওয়ার কথাও নির্দেশিকায় উল্লেখ রয়েছে।
জানা গিয়েছে, কলকাতা পুলিশের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনার সময় শুভেন্দু অধিকারীকে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ ওঠে ইনস্পেক্টর একলাখ আহমেদের বিরুদ্ধে। তা নিয়ে গ্রুপে শুরু হয় বিতর্ক। পরে মন্তব্য মুছে ক্ষমা চাইলেও ততক্ষণে স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। শেষ পর্যন্ত ওই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল লালবাজার।
উল্লেখ্য, সোশাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্যের জেরে আগেও কলকাতা পুলিশের দুই ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল লালবাজার। তাঁদের মধ্যে ছিলেন ডি সি নর্থ ৩ বিধান সাহা ও ডি সি পোর্ট ২ পার্থপ্রতিম দাস। ওই ঘটনার পর পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা স্পষ্ট জানিয়েছিলেন, সোশাল মিডিয়ায় কোনও মন্তব্য, বিবৃতি বা ভিডিও পোস্ট করার আগে পুলিশ আধিকারিকদের সতর্ক থাকতে হবে। প্রশাসনের কোনও ভুল বার্তা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেছিলেন তিনি। কিন্তু সেই নির্দেশের পরেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাসপেন্ড হলেন ইনস্পেক্টর একলাখ আহমেদ।
