জনমত বাংলা নিউজ ডেস্ক : এশিয়াডে ফের ইতিহাস ভারতের! ২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। শনিবার জাপানের নিশিনে হাইভোল্টেজ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হল ভারত।
টস জিতে ব্যাটিং নেন শ্রেয়স। প্রথমেই ব্যাট করতে নামেন অভিষেক শর্মা। ২৮ বলে ৬১ রান করেন তিনি। যদিও বৈভব (৯ বলে ১৫) ও সঞ্জু (২) ব্যর্থ হন। অধিনায়ক শ্রেয়সও ২১ রানে ফেরেন। এর পর তিলক বর্মা ২২ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাঁকে সঙ্গ দেন শিবম দুবে, ১৫ বলে ২৭ রান করেন। দুজনে মিলে গড়েন ৬২ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ, যা ভারতকে বড় রানের দিকে নিয়ে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১১ রানে থামে ভারতের ইনিংস। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন আহমেদ দানিয়াল ও আরাফাত মিনহাস। ১টি করে উইকেট পান সাইম আইয়ুব ও আবরার আহমেদ।
অন্যদিকে, শুরু টা ভালো হয়নি পাকিস্তানের। একাই লড়ে যান হাসান নওয়াজ, ৫১ বলে ৯৬ রানে অপরাজিত থাকেন। সাইম আইয়ুব ২২ বলে ২৯ ও মাজ সাদাকাত ১৮ বলে ২৩ করেন। ৬ উইকেট হারিয়ে ১৯২-তেই থামে পাকিস্তান। ভারতের হয়ে বল হাতে জ্বলে ওঠেন অক্ষর, ওয়াশিংটন ও দুবে, প্রত্যেকে ২টি করে উইকেট নেন।
উল্লেখ্য, ছেলেদের আগেই এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাস গড়েছে ভারতের মেয়েরা। ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার সোনা জেতে ভারতীয় মহিলা দল। টস জিতে ব্যাটিং নিয়ে ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২১৬ রান তোলে ভারত, যা এশিয়াডের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই রেকর্ড গড়ার পিছনে বড় ভূমিকা ছিল সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা ও রিচা ঘোষের।
