Exterior view of the Supreme Court of India building in New Delhi, featuring its iconic central dome, landscaped gardens, and Indian national flag.

জনমত বাংলা নিউজ ডেস্ক : রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে। পঞ্চম পে কমিশনের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটির শুনানির দিন আগে ২৭ অক্টোবর নির্ধারিত থাকলেও তা এগিয়ে আনা হয়েছে। শুক্রবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি চন্দ্রশেখরের বেঞ্চে মামলাটি ওঠার কথা। শুনানিতে কী হয়, এখন সেদিকেই নজর সরকারি কর্মচারীদের।

এর আগে সুপ্রিম কোর্ট বকেয়া মহার্ঘ ভাতা কীভাবে এবং কত কিস্তিতে মেটানো হবে, তা ঠিক করতে বিশেষ মনিটরিং কমিটির চেয়ারপার্সন ও কর্মচারী প্রতিনিধিদের বৈঠকে বসার নির্দেশ দিয়েছিল। বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে আদালতে রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনও বৈঠক হয়নি বলে খবর।

এরই মধ্যে নতুন করে সামনে এসেছে গ্রান্ট-ইন-এইড প্রতিষ্ঠানের কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ-র বিষয়টি। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের অভিযোগ, রাজ্য সরকারি কর্মী ও পেনশনারদের বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু হলেও পোষিত প্রতিষ্ঠানের কর্মীরা এখনও টাকা পাননি। একই দাবি তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চও। সংগঠনগুলির তরফে জানানো হয়েছে, পরবর্তী শুনানিতে এই বঞ্চনার বিষয়টি আদালতের সামনে তুলে ধরা হবে। কলকাতা হাইকোর্টে আগেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মেটাতে ইচ্ছুক বলে জানিয়েছিল, যদিও সময় চেয়েছিল। এবার শীর্ষ আদালতে কী হয়, তা নিয়ে বাড়ছে অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *