জনমত বাংলা নিউজ ডেস্ক : অষ্টমীর রাতে জোড়া খুনের অভিযোগে চাঞ্চল্য বাঁকুড়ার সোনামুখীতে! স্ত্রীকে খুন করে তাঁর কাটা মুণ্ডু মন্দিরে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। একইসঙ্গে নিজের বাবাকে খুনের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। বাড়ির উঠোন থেকে উদ্ধার হয়েছে বাবার রক্তাক্ত দেহ। পুজোর মধ্যে এমন নৃশংস ঘটনায় আতঙ্কিত সোনামুখীর মানা চরের বাসিন্দারা। এই হত্যাকাণ্ডের নেপথ্যে কি তন্ত্রসাধনা, নাকি রয়েছে পারিবারিক বিবাদের যোগ? উঠছে একাধিক প্রশ্ন। যদিও ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত যুবকের কোনও খোঁজ মেলেনি। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, সোমবার রাত আটটা নাগাদ নিজের স্ত্রী ও বাবাকে খুনের অভিযোগ ওঠে মঙ্গল চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগ, প্রথমে ৩৯ বছর বয়সি স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে খুন করেন তিনি। এরপর স্ত্রীর মুণ্ডু কেটে নিয়ে মন্দিরে রেখে দেন বলে অভিযোগ। অন্যদিকে, বাড়ির উঠোন থেকে উদ্ধার হয় তাঁর ৬০ বছর বয়সি বাবা রাজেন্দ্র চৌধুরীর দেহ।
একই পরিবারের দু’জনের এমন মর্মান্তিক পরিণতিতে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এই জোড়া খুনের নেপথ্যে কি তন্ত্রসাধনা ও বশীকরণ, নাকি রয়েছে পারিবারিক বিবাদের যোগ? উঠছে একাধিক প্রশ্ন। যদিও ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
